পাঠ্যপুস্তকে ভুলের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যপুস্তকে ভুল ও সাম্প্রদায়িক বিষয় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানিকগঞ্জে সমাবেশ হয়েছে। গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এ কর্মসূচির আয়োজন করে।
আয়োজক সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এতে খেলাঘর, উদীচী, জাতীয় হিন্দু মহাজোট, মহিলা পরিষদ, প্রগতি লেখক সংঘসহ সামাজিক সংগঠন তারুণ্যের আলো ও উত্তরণের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি এম আর লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আজহারুল ইসলাম, যুব ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক আরশেদ আলী, উদীচীর জেলা সভাপতি গাজী ওয়াজেদ আলম, উত্তরণের সভাপতি বিমল রায়, হিন্দু মহাজোটের জেলা সহসভাপতি তাপস কর্মকার প্রমুখ।
ছাত্র ইউনিয়নের নেতা এম আর লিটন বলেন, সরকার নিজেকে সাম্প্রদায়িক ও ধর্মান্ধতাবিরোধী বলে ঘোষণা করলেও সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছে। সাম্প্রদায়িক, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যপুস্তক অবিলম্বে প্রত্যাহার এবং বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।