পাঠ্যপুস্তকে হাসন রাজার গান অন্তর্ভুক্ত করার আহ্বান
মরমি কবি হাসন রাজার গান পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন সিলেটের শিক্ষাবিদ ও সংস্কৃতি গবেষকেরা। গত শুক্রবার রাতে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে হাসন রাজা জীবন ও কর্ম গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান থেকে এ আহ্বান জানানো হয়।
বইটির রচয়িতা হাসন রাজার প্রপৌত্র সামারীন দেওয়ান। অনুষ্ঠানে সামারীন দেওয়ানও উপস্থিত ছিলেন। সিলেট লেখক পরিষদ কর্তৃক আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি মসউদ খান। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সিলেটের প্রবীণ শিক্ষাবিদ ও ভাষাসৈনিক মো. আবদুল আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ও হাসন রাজা গবেষণা কর্মে পিএইচডিপ্রাপ্ত গবেষক মো. ফয়জুল হক। স্বাগত বক্তব্য দেন পরিষদের সভাপতি দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।
অনুষ্ঠানে সিলেট ও সুনামগঞ্জের আঞ্চলিক পাঁচটি দৈনিক পত্রিকার সম্পাদক ও নির্বাহী সম্পাদকেরা হাসন রাজাকে শিক্ষার্থী মহলে চির জাগরূক রাখতে জনপ্রিয় গানগুলো পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। এ আহ্বানে একাত্ম হয়ে আলোচকেরাও বক্তব্য দেন।
প্রধান আলোচক মো. আবদুল আজিজ বলেন, ‘হাসন রাজা একের ভেতর অনেক। তিনি সর্বস্ববাদী, ছিলেন স্বল্পশিক্ষিত কিন্তু স্বশিক্ষিত।’