পাঠ্যপুস্তকে যে অরাজকতা চলছে, তা মোকাবিলা করতে না পারলে বাঙালি জাতির দুঃখ আছে। জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক এক আলোচনায় এ কথা উঠে আসে। এ ছাড়া শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে প্রতিরোধ নয়, জাতীয়ভাবে সমন্বিত উদ্যোগের কথাও বলা হয়।
রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে গতকাল বিকেলে ‘জঙ্গিবাদ প্রতিরোধ: প্রয়োজন জাতীয় উদ্যোগ’ শীর্ষক এক আলোচনা সভা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের যৌথ উদ্যোগে হয় এ সভা।
সভায় অধ্যাপক মমতাজউদ্দীন পাটোয়ারীর লেখা একটি ধারণাপত্র উপস্থাপন করেন আয়োজক মঞ্চের সদস্যসচিব নুর মো. তালুকদার। এতে বলা হয়, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থায় সাম্প্রদায়িকতার প্রভাব বেড়ে গেছে। শিক্ষাব্যবস্থার মৌলিক দুর্বলতা কাটিয়ে না উঠলে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদমুক্ত নতুন প্রজন্ম গড়ে তোলা সম্ভব না।’
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী বলেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে হবে।’
কলামিস্ট ও গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেন, ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এ আন্দোলন নতুন নয়। সরকার যদি মনে করে একলা পুলিশ দিয়ে জঙ্গিবাদ দমন করা যাবে, তা সম্ভব নয়।
পাঠ্যপুস্তকে পরিবর্তন আনাকে বড় উদ্বেগের কারণ বলে মনে করছেন এই আয়োজনের বক্তারা। ইতিহাসবিদ সৈয়দ আনোয়ার হোসেন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে কিন্তু জঙ্গিবাদ টিকে রাখার পরিবেশও তৈরি করা হচ্ছে। পাঠ্যপুস্তকে হেফাজতিকরণ ও তাঁদের দাবি মেনে নেওয়া হয়েছে। এভাবে চলতে থাকলে হেফাজতি প্রজন্ম গড়ে উঠবে।
জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধে সারা দেশে জাতীয়ভাবে দিবস পালন করা হবে বলে জানালেন ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, এ দেশের মানুষ কখনো জঙ্গিবাদ সমর্থন করে না। এটা বাইরের দেশ থেকে আমদানি হয়েছে। যত হামলা হচ্ছে এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। এটা রাজনৈতিক জঙ্গিবাদ।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারেক আলী বলেন, জঙ্গিবাদ মোকাবিলায় পাঠ্যপুস্তকের বর্তমান অরাজকতা দূর করতে না পারলে বাঙালি জাতির দুঃখ আছে।
সভায় আরও বক্তব্য দেন নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, সাংবাদিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।