পাঠ্যপুস্তকের বাদ দেওয়া পাঠ ফিরিয়ে আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্পূর্ণ সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে পাঠ্যপুস্তকের সাম্প্রতিক পরিবর্তনগুলো ঘটানো হয়েছে মন্তব্য করে একটি সমাবেশে অংশ নেওয়া বক্তারা পাঠ্যপুস্তক থেকে বাদ পড়া পাঠগুলোকে ফিরিয়ে আনার দাবি তুলেছেন। তাঁরা বলেছেন, এটি বাংলাদেশের মৌল আদর্শের বিরোধী।
পাঠ্যপুস্তকে সাম্প্রতিক পরিবর্তন প্রত্যাহারের দাবিতে গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন জোটের কর্মীরা।
সমাবেশে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি মফিদুল হক বলেন, দেশের চার কোটি শিক্ষার্থীর মনমানসিকতাকে কলুষিত করতে পাঠ্যপুস্তকের এমন পরিবর্তন আনা হয়েছে। আমরা দেশকে একটি সাম্প্রদায়িক দেশ হতে দিতে পারি না।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, এই পরিবর্তন মুক্তিযুদ্ধের সব চেতনাকে নস্যাৎ করে দেবে। তিনি বাংলাদেশের তিন স্তরের শিক্ষাপদ্ধতি বাতিল করে একমুখী শিক্ষাব্যবস্থা প্রণয়নের দাবি জানান।
পাঠ্যপুস্তকের পরিবর্তনকে ভয়াবহ উল্লেখ করে নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, ‘সরকারের বিনা অনুমতিতে এ কাজটি হয়েছে, সেটা তো হতে পারে না। একদিকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলব, অসাম্প্রদায়িকতার কথা বলব, জঙ্গিবাদকে দমন করব, অন্যদিকে পাঠ্যপুস্তকের এ অবস্থা করে রাখব। এই দ্বিমুখী নীতি চলতে পারে না।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না। আমরা এই পরিবর্তনের পরিবর্তন চাই। সাম্প্রতিক কালে যেসব পরিবর্তন আনা হয়েছে তাতে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে।’