পাঠ্যবই পায়নি মাধ্যমিকের হাজার খানেক শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পাঠ্যবইয়ের সংকট রয়েই গেছে। বিশেষ করে ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের সংকট বেশি।উপজেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ২৫টি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। ২০১২ সালের হিসাবমতে, প্রায় নয় হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে। জানুয়ারি মাসের শুরু থেকে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়ার কাজ চলছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রতিটি বিষয়ের ৯৯ হাজার বইয়ের মধ্যে ৮৮ হাজার বই বরাদ্দ পাওয়া যায়। ফলে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে অবশিষ্ট ১১ হাজার বইয়ের জন্য জেলা শিক্ষা অফিসে পত্র দেওয়া হয়। গতকাল ৪ মে পর্যন্ত বই বরাদ্দ পাওয়া যায়নি। টেকনাফ এজাহার বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিউলী রানী চৌধুরী ও সেন্ট মার্টিন বিএন ইসলামিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক উজ্জ্বল ভৌমিক একই সুরে বলেন, তাঁদের বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা, ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর সাধারণ গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শারীরিক শিক্ষা, অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র, নবম শ্রেণীর বাংলা সহপাঠ, ইংরেজি দ্বিতীয় পত্র, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও কম্পিউটার শিক্ষা বিষয়ে বইয়ের অভাব রয়েছে। আয়েশা বেগম ও হামিদ হোসেন নামের ষষ্ঠ ও নবম শ্রেণীর দুই শিক্ষার্থী বলে, ‘বইয়ের অভাবে আমাদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত একাধিক বিষয়ের সঙ্গে আমাদের এখনো পরিচয় ঘটেনি। এর মধ্যে আগামী ৯ জুন অর্ধ বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু বই না পড়ে কীভাবে পরীক্ষা দেব এখন সেই চিন্তায় আছি।’ টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুর মোহামঞ্চদ ও হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকতার আহমদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা জানান, চার মাস ধরে বই সংকট থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাইফুল আলম বলেন, কিছু বিদ্যালয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তি হওয়ায় বইয়ের সংকট সৃষ্টি হয়েছে। তার পরও যেসব বিদ্যালয়ে চাহিদা অনুপাতে বই সরবরাহ করা হয়েছিল সেসব বিদ্যালয় থেকে বই এনে সংকট সমাধানের চেষ্টা করা হচ্ছে এবং বইয়ের জন্য জেলায় চাহিদাপত্র পাঠানো হয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দীন বলেন, অন্য জেলা থেকে বই এনে সমস্যার সমাধানের চেষ্টা চলছে।