পাঠ্যবই পেয়ে শিশুদের উল্লাস

নতুন বছরের প্রথম দিনে গতকাল বৃহস্পতিবার দেশের অন্যান্য স্থানের মতো দক্ষিণাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন ও শিক্ষা কর্মকর্তারা উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। অনেক বিদ্যালয়ে শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে উল্লাসে ফেটে পড়ে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরগুনা: সকাল ১০টায় সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এবং সাড়ে ১১টায় বরগুনা জিলা স্কুলে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম। এ বছর জেলায় মাধ্যমিকে ১ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ লাখ ১৩ হাজার ৫০৪টি এবং প্রাথমিকে দেড় লাখ শিক্ষার্থীর মধ্যে ৭ লাখ ২৩ হাজার ৮৯৯টি বই বিতরণ করা হয়।
ফরিদপুর: সকাল সাড়ে ১০টায় ফরিদপুর জিলা স্কুলে এবং ১১টায় ফরিদপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুর রশিদ। জেলা প্রশাসক সরদার সরাফত আলী ফরিদপুর সদরের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নর্থ চ্যানেল ইউসুফ আলী মোহন মিয়া জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৪ লাখ ৫৬ হাজার ৬৩২টি এবং মাধ্যমিক পর্যায়ে ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ লাখ ১৫ হাজার ৬০০টি বই বিতরণ করা হয়।
গোয়ালন্দ (রাজবাড়ী): বই উৎসব উপলক্ষে সকালে উপজেলার উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নগরবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চবিদ্যালয় ও প্রপার হাইস্কুলে আনুষ্ঠানিকতা পালন করা হয়। এসব অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরীন আক্তার প্রমুখ উপস্থিতিে ছিলেন।
চুয়াডাঙ্গা: সকাল ১০টায় ভি জে সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব। স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার রশীদুল হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম নবী প্রমুখ।
সাতক্ষীরা: জেলার সাতটি উপজেলার মাধ্যমিক স্তরে ২৬ লাখ ৩২ হাজার ৩৪০টি এবং প্রাথমিক স্তরে ১২ লাখ ৬৮ হাজার ৪১২টি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
মঠবাড়িয়া (পিরোজপুর): সকালে জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক সিদ্দিকী পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন। জেলার ১ লাখ ৬৪ হাজার ৪৮ জন প্রাথমিক স্তরের শিক্ষার্থীর মধ্যে ৮ লাখ ১৪ হাজার ৬১৯টি, মাধ্যমিক স্তরের ১ লাখ ২১ হাজার ৭৬০ জন শিক্ষার্থীর মধ্যে ১০ লাখ ৯৪ হাজার ৪৭০টি এবং মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৪১ হাজার ৫৮৯টি বই বিতরণ করা হয়।