পাঠ্যবইয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিনের এক বছরের শিক্ষাছুটি মঞ্জুর করেছে কর্তৃপক্ষ। ছুটি পেয়ে বিদেশে চলে যান তিনি। কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের শিক্ষকদের ক্ষোভের মুখে সে ছুটি বাতিল করা হয়। বাউবি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী এই শিক্ষক ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রভাষক ছিলেন। এ সময় বাউবির উন্মুক্ত স্কুল পরিচালিত এসএসসির পৌরনীতি দ্বিতীয় পত্রের (কোড এসএসসি-২৬০৬) এবং এইচএসসি পৌরনীতি দ্বিতীয় পত্র (কোড এইচএসসি-২৮০৪) পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ ওঠে। কামাল উদ্দিন ছাড়াও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ ১৭ থেকে ১৮ জন শিক্ষকের বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়। সে অভিযোগের ভিত্তিতে হাইকোর্টে রিট আবেদন করা হয়। কামাল উদ্দিন ২০০৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। এই অভিযোগে ২০১০ সালের জানুয়ারিতে হাইকোর্টে রিট করেন একজন আইনজীবী। এখন পর্যন্ত এ রিটের নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ সফিউল আলম বলেন, ‘কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাঁকে সাধারণত শিক্ষাছুটি দেওয়া হয় না। কিন্তু প্রক্রিয়াগত কারণে কামাল উদ্দিনকে শিক্ষাছুটি দেওয়া হয়েছিল। তবে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে এ শিক্ষাছুটি বাতিল করা হয়েছে। তাঁকে বিশ্ববিদ্যালয়ের কাজে যোগদানের জন্য চিঠি দেওয়া হয়েছে।’বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষক কামাল উদ্দিন হংকংয়ের সিটি ইউনিভার্সিটিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হন। ১ সেপ্টেম্বর এ প্রোগ্রাম শুরু হয়। জানা গেছে, কামাল উদ্দিন গত ১৫ জুলাই তিন বছরের শিক্ষাছুটির জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেছিলেন। বিভাগের পরিকল্পনা কমিটি তাঁর আবেদন সুপারিশ করে ১৯ জুলাই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য রেজিস্ট্রার বরাবর পত্র দেয়। ওই সভায় সভাপতিত্ব করেন বিভাগের তৎকালীন সভাপতি ফরিদুল আলম চৌধুরী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১২ আগস্ট কামাল উদ্দিনের এক বছরের জন্য শিক্ষাছুটি মঞ্জুর করে। গত ২৯ আগস্ট তাঁকে ছুটি বাতিলের চিঠি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন শিক্ষক পরিষদের সদস্য ও সাবেক ডিন জ্যোতি প্রকাশ দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অভিযোগ থাকা সত্ত্বেও কামাল উদ্দিনকে শিক্ষাছুটি দেওয়া হলো কেন? এ জন্য প্রশাসন দুভাবে দায়ী। প্রথমত, তাঁকে ছুটি দেওয়া এবং দেশের বাইরে যাওয়ার পর তাঁর ছুটি বাতিল করা হয়। শিক্ষাছুটি দেওয়ার আগে তাঁর কাছে বিশ্ববিদ্যালয়ের দেনা-পাওনা এবং অভিযোগ আছে কি না তদন্ত করা দরকার ছিল। এ ক্ষেত্রে তা হয়নি। তাই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, শিক্ষক কামাল উদ্দিনের শিক্ষাছুটির আবেদনপত্রে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগের কোনো নোট ছিল না। তাই প্রথমে ছুটির আবেদন মঞ্জুর করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি ও বঙ্গবন্ধুকে অবমাননার অভিযোগ থাকার বিষয়টি নজরে আসায় ওই ছুটি বাতিল করা হয়েছে। ছুটি বাতিলের চিঠি দেওয়া হলেও কামাল উদ্দিন আর বিভাগে ফেরেননি। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি এম ফয়সাল বলেন, কামাল উদ্দিন রোববার পর্যন্ত বিভাগে যোগদান করেননি।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব গভর্নরসের ১৯ জানুয়ারি অনুষ্ঠিত ১২৬তম সভায় তাঁর বিরুদ্ধে তিনটি অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে মার্চে চিঠি দেওয়া হয়।