নারীশিক্ষা বিস্তারের অগ্রদূত ও সমাজসেবক নওয়াব ফয়জুন্নেসা চৌধুরীর জীবনী পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত ও তাঁর নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে কুমিল্লার নাগরিক সমাজ। একই সঙ্গে জাতীয় পর্যায়ে তাঁকে নিয়ে অনুষ্ঠান করারও দাবি জানানো হয়।
গতকাল শুক্রবার কুমিল্লা ও লাকসামে আয়োজিত তিনটি অনুষ্ঠানে বক্তারা এসব দাবি তোলেন। ওই মহীয়সী নারীর ১১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এসব অনুষ্ঠান হয়। ১৯০৩ সালের এই দিনে তিনি মারা যান।
আয়োজকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, সকাল ১০টায় কুমিল্লার নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদারের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ইতিহাসবিদ গোলাম ফারুক, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মজিদ, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক রাশেদা আক্তার প্রমুখ।