পাঠ্যবইয়ে ধর্ম নিয়ে ভুল তথ্যের জন্য দায়ীদের শাস্তির দাবি
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতারা অভিযোগ করেছেন, নবম-দশম ও পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ে দেব-দেবীর সঙ্গে আল্লাহর তুলনা করা হয়েছে।এ ছাড়া বিধর্মীদের মসজিদ ব্যবহারের সুযোগ করে দিয়েছিলেন বলে রাসুল (সা.) সম্পর্কে ভুল তথ্য দেওয়া হয়েছে। এটাকে ‘ধৃষ্টতাপূর্ণ’ ও ‘ক্ষমার অযোগ্য’ অপরাধ বলে উল্লেখ করে বইগুলোর লেখক, সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তাঁরা। গতকাল এক বিবৃতিতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের নেতারা এ দাবি করেন। তাঁদের অভিযোগ, দেশের মানুষকে ‘নাস্তিক’ বানানো ও দেশ থেকে ‘ইসলাম নির্মূল’ করার লক্ষ্যে সরকার ‘ধর্মহীন’ জাতীয় শিক্ষানীতি করেছে।বিবৃতিদাতারা হলেন সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুহিউদ্দীন খান, খেলাফত আন্দোলনের প্রধান শাহ আহমদুল্লাহ আশরাফ, খেলাফত মজলিশের আমির মোহাম্মদ ইসহাক, ইসলামী ঐক্যজোট দুই অংশের চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী ও ইজহারুল ইসলাম, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য যাইনুল আবেদীন প্রমুখ।অন্যদিকে ‘৩৩টি ইসলামি দলের’ এক সংবাদ বিজ্ঞপ্তিতেও একই অভিযোগ করা হয়। তবে শিক্ষা মন্ত্রণালয় এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত নবম-দশম শ্রেণীর ‘ইসলাম ও নৈতিক শিক্ষা’ বইয়ের ৮২ নম্বর পৃষ্ঠার কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকার ক্ষেত্রে ১৫ নম্বর লাইনে ৫ নম্বর ক্রমিকে ভুলবশত মুদ্রিত অংশ সংশোধন করা হয়েছে। গত ৩০ জানুয়ারি এ বিষয়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সংশোধন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ওয়েবসাইটেও ওই বইয়ের সংশ্লিষ্ট অংশ সংশোধন করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এ ছাড়া এ বিষয়ে কারণ অনুসন্ধান ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্যে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে (মাধ্যমিক) আহ্বায়ক করে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।