পাঠ্যবইয়ে পরিবেশ রক্ষার সচেতনতা অন্তর্ভুক্তির দাবি
পরিবেশ রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করতে পাঠ্যবইয়ে পরিবেশ সচেতনতার শিক্ষা অন্তর্ভুক্তির প্রয়োজন। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পাঠ্যবইয়ে বিষয়টি অন্তর্ভুক্ত করা এই সময়ের অপরিহার্য এক দাবি। সিলেটে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) আয়োজিত সেমিনারে বক্তারা এ মতামত ব্যক্ত করেন। গত শনিবার নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে ‘অপরিকল্পিত আবাসন ও পরিবেশ বিপর্যয়, উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনার হয়। শুরুতে রাষ্ট্রপতি স্মরণে এক মিনিটি নীরবতা পালন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের বিভাগীয় প্রধান মো. জহির বিন আলম। এতে বেলার জ্যেষ্ঠ আইনজীবী ইকবাল কবিরের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এস এম ফজলুল করিম চৌধুরী । স্বাগত বক্তব্য দেন বেলা সিলেট বিভাগীয় সমন্বয়কারী শাহ শাহেদা আখতার।