পাঠ্যবইয়ে বাংলা একাডেমীর বানানরীতি মেনে চলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সাল থেকে মাধ্যমিকের সব পাঠ্যবইয়ে বাংলা একাডেমীর প্রমিত বাংলা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নিজস্ব বানানরীতি আর থাকছে না।জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘একেক বইয়ে একেক রকম বানান থাকার কারণে শিক্ষার্থীরা সঠিক বানান শিখতে পারছে না। এ ছাড়া কোনো বানানরীতি না মানার কারণে পাঠ্যবইয়ে ইচ্ছেমতো দেশি ও বিদেশি ভাষা ব্যবহার করা হচ্ছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ে বিভ্রান্তিতে পড়ছে। এ কারণেই আমরা মাধ্যমিকের পাঠ্যবইয়ে বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণের সিদ্ধান্ত নিয়েছি।’জানতে চাইলে এনসিটিবির চেয়ারম্যান মোস্তফা কামালউদ্দিন বলেন, শিক্ষামন্ত্রী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এনসিটিবিকে নির্দেশনা দিয়েছেন। যেহেতু প্রাথমিকে বাংলা একাডেমীর বানানরীতি মেনে চলা হচ্ছে, সেহেতু মাধ্যমিক পর্যায়ে তা অনুসরণ করা উচিত বলে আমরা মনে করছি। চেয়ারম্যান আরও বলেন, ২০১২ সালের নতুন পাঠ্যবইয়ে বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণ করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর একটি বিদ্যালয়ের শিক্ষক বলেন, ‘একজন শিক্ষার্থীর কাছে পাঠ্যবই হচ্ছে বেদবাক্যের মতো। তাদের বিশ্বাস, একজন শিক্ষক ভুল করতে পারেন, কিন্তু পাঠ্যবইয়ে ভুল থাকতে পারে না।’অথচ ‘পাঠ্যবইয়ের বানান’ শিরোনামে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) একটি বই রয়েছে।’ শিক্ষকেরা অভিযোগ করে আসছেন, নিজের তৈরি ওই বানানরীতি না মেনে এনসিটিবি বছরের পর বছর কোটি কোটি শিক্ষার্থীর মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। এনসিটিবির বানানরীতিতে ‘দেশী’ বানান ‘দেশি’, ‘বিদেশী’ বানান ‘বিদেশি’, ‘উপর’ বানান ‘ওপর’, ‘শ্রেণী’ বানান ‘শ্রেণি’ হিসেবে লেখার নির্দেশনা রয়েছে। কিন্তু কোনো পাঠ্যবইয়ে ওই নির্দেশনার প্রতিফলন নেই। সংযুক্ত অক্ষরে ‘স’ এবং ‘ষ’-এর ব্যবহারে অসংখ্য ভুল রয়েছে। যেমন ‘পুরষ্কার’ লেখা থাকলেও সঠিক বানান ‘পুরস্কার’।এনসিটিবির বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রতন সিদ্দিকী প্রথম আলোকে বলেন, দেশের শিশু-কিশোরেরা পাঠ্যবই, সংবাদপত্র, সৃজনশীল বইসহ বিভিন্ন মাধ্যমে ভিন্ন ভিন্ন বানান দেখে বিভ্রান্ত হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলা একাডেমীর বানানরীতি অনুসরণের সিদ্ধান্তে শিক্ষার্থীরা উপকৃত হবে।