পাঠ্যবইয়ে বাদ দেওয়া লেখাগুলো পুনঃস্থাপনের দাবি উদীচীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম থেকে দশম শ্রেণির পাঠ্যবইগুলোতে প্রগতিশীল লেখকদের বাদ দেওয়া লেখাগুলো পুনঃস্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটি বলেছে, চলতি বছরের পাঠ্যবইয়ের ‘সাম্প্রদায়িক পরিবর্তন’ বহাল রেখে আগামী বছরের পাঠ্যবই মুদ্রণ করে বিতরণের আয়োজন করলে তা দেশের অসাম্প্রদায়িক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না।

উদীচীর সভাপতি সফিউদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বইগুলোর মূল পরিবর্তনগুলোতে হাত না দিয়ে কেবল বানানসহ দু-একটি ভুল সংশোধন করে জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) দেশবাসীর সঙ্গে প্রতারণার আশ্রয় নিয়েছে। সরকার যে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, তাদের কেবল নবম ও দশম শ্রেণির পাঠ্যবই–সংক্রান্ত বিষয়েই মতামত বা সুপারিশ দিতে বলা হয়েছে। অথচ প্রকৃতপক্ষে, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও আনন্দপাঠ বই থেকে ব্যাপকভাবে প্রগতিশীল লেখকদের রচনা বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশেষজ্ঞ কমিটির করা সুপারিশগুলো বাস্তবায়নের দাবি জানানো হয় উদীচীর বিবৃতিতে।

উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর দাবির পরিপ্রেক্ষিতে এ বছর পঞ্চম থেকে দশম শ্রেণির বাংলা ও আনন্দপাঠ বই থেকে কিছু লেখকের কিছু লেখা বাদ দেওয়ার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, মূলত পশ্চাৎপদ ও মৌলবাদের তোষণনীতির কারণেই পাঠ্যপুস্তকে এই পরিবর্তনগুলো আনা হয়েছে। সুতরাং ২০১৮ সালের পাঠ্যপুস্তকে ওই লেখকদের বাদ দেওয়া লেখাগুলো পুনঃস্থাপন করে সরকার মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনাধারার প্রতি সম্মান প্রদর্শন করবে বলে উদীচী আশা করে। তা না হলে গণ-আন্দোলনের মাধ্যমে এ দেশের মানুষ এই অশুভ চক্রান্ত প্রতিহত করবে।
অারও পড়ুন