পাঠ্যবইয়ে ভূমি বিষয়ে ধারণা অন্তর্ভুক্ত করার প্রস্তাব
তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠ্যসূচিতে ভূমিবিষয়ক সাধারণ ধারণা গল্প বা প্রবন্ধ আকারে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়। দেশের নাগরিকের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিসংক্রান্ত পাঠ কোনো পর্যায়ের পাঠ্যপুস্তকে নেই।শিক্ষা ও ভূমি মন্ত্রণালয়ে সম্প্রতি পাঠানো এক চিঠিতে পাঠ্যবইয়ে ভূমিবিষয়ক পাঠ অন্তর্ভুক্ত করার প্রস্তাব করেন ঢাকার জেলা প্রশাসক (ডিসি) মো. মহিবুল হক। এতে বলা হয়, দেশে প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন বইয়ে সামাজিক সচেতনতামূলক পাঠ যেমন পরিবেশ-সচেতনতা, নারী অধিকার, ব্যক্তিগত স্বাস্থ্য-পরিচর্যা, দুর্যোগ ব্যবস্থাপনা ও কৃষিবিষয়ক শিক্ষা ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক তেমনি ভূমিসংক্রান্ত ধারণা পাঠ্যবইয়ে থাকা দরকার।এ প্রসঙ্গে ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, ভূমিসংক্রান্ত মামলার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এ বিষয়ে সাধারণ জ্ঞান না থাকার কারণে নাগরিকেরা ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছে। তিনি আরও বলেন, ভূমির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও সচেতন না হওয়ার কারণে অনেকে নিজের অধিকার পর্যন্ত রক্ষা করতে পারছে না। জেলা প্রশাসকের চিঠিতে বলা হয়, প্রত্যেকেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভূমির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে। ভূমি ক্রয়-বিক্রয়, মালিকানা অর্জন, আদালতের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠা ও ভূমি রেকর্ডের বিষয়ে সব সময় প্রত্যেক নাগরিককে ভূমির স্থানীয় কার্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। এতে আরও বলা হয়, কোনো ব্যক্তি প্রাথমিক থেকে উচ্চশিক্ষার যেকোনো পর্যায়ে শিক্ষা লাভ করলেও প্রাতিষ্ঠানিক শিক্ষায় ভূমিবিষয়ক জ্ঞান লাভ করতে পারে না। নাগরিকদের ভূমিবিষয়ক সাধারণ জ্ঞান থাকলে বিভিন্ন অফিস-আদালতে হয়রানি ও দুর্নীতি কমে যাবে এবং দেওয়ানি ও ফৌজদারি মামলার সংখ্যা কমে আসবে বলে ওই চিঠিতে মত প্রকাশ করা হয়। ভূমিসচিব মোখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ঢাকা জেলা প্রশাসকের চিঠিটি মন্ত্রণালয়ে এসেছে। প্রস্তাবটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে সচিব জানান, শিগগিরই এ বিষয়ে আলোচনার জন্য শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করবেন তিনি। এ প্রসঙ্গে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী প্রথম আলোকে বলেন, তৃতীয় থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পাঠ্যসূচিতে ভূমিবিষয়ক সাধারণ জ্ঞানের বিষয় অন্তর্ভুক্ত করা উচিত, ঢাকা জেলা প্রশাসনের প্রস্তাবটি সময়োপযোগী বলে মনে করেন তিনি। সচিব আরও বলেন, কোন শ্রেণীতে ভূমিবিষয়ক কী ধরনের পাঠ অন্তর্ভুক্ত করা যায়, তা মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখবে।