পাঠ্যবইয়ে শহীদ সালামের জেলার নাম ভুল ছাপার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে ভাষাশহীদ আবদুস সালামের নিজ জেলার নাম ভুল ছাপানোর প্রতিবাদে গতকাল বুধবার ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে এ ভুল সংশোধনের দাবি জানানো হয়।প্রথম আলো ফেনী বন্ধুসভার আয়োজনে গতকাল বুধবার সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জেল রোডে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ফেনী প্রেসক্লাব, ফেনী কলেজিয়েট স্কুল, লিও ক্লাবসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য দেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন হাজারী, প্রেসক্লাবের সভাপতি মীর হোসেন ওরফে মীরু, নূরুল করিম মজুমদার, আবু তাহের, বখতেয়ার ইসলাম, অধ্যক্ষ আবদুল বারিক, বন্ধুসভার মোশারফ হোসেন প্রমুখ।বক্তারা বলেন, ভাষাশহীদ আবদুস সালামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের লক্ষণপুর গ্রামে। বর্তমানে নাম সালামনগর। কিন্তু তৃতীয় শ্রেণীর আমার বাংলা বইয়ে ভুলক্রমে লেখা হয়েছে নোয়াখালী জেলা। এতে কোমলমতি শিক্ষার্থীরা শুরুতেই ভুল পড়তে বাধ্য হচ্ছে।