পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক ও ধর্মীয় বৈষম্যমূলক নানা বিষয় অন্তর্ভুক্ত এবং গুরুত্বপূর্ণ ও প্রগতিশীল লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের ৮৫ জন বিশিষ্ট ব্যক্তি। তাঁদের অভিযোগ, এ বছরের পাঠ্যপুস্তকে ‘সাম্প্রদায়িক অপরাজনীতির সঙ্গে সরকারের আপসরফার’ চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে। অবিলম্বে ভুলে ভরা পাঠ্যবইগুলো প্রত্যাহার ও নবীন শিক্ষার্থীদের সাম্প্রদায়িক ও কূপমণ্ডূক হওয়ার হাত থেকে রক্ষার দাবি জানান তাঁরা।
গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে তাঁরা এই দাবি জানান এবং বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেন। এতে বলা হয়, চলতি বছরের পাঠ্যবইগুলোতে ছাপার ভুল এবং বানান-তথ্য বিকৃতি নিয়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাগুলোকে দায়িত্বে অবহেলা বলে চালানোর চেষ্টা করা হলেও ধীরে ধীরে বের হয়ে এসেছে এসব বিকৃতির পেছনের ঘটনা। মৌলবাদের তোষণনীতির কারণেই পাঠ্যপুস্তকে এই ‘উদ্দেশ্যপ্রণোদিত’ পরিবর্তনগুলো আনা হয়েছে। এর পেছনে সাম্প্রদায়িক রাজনীতির যে ভয়ানক বিস্তার রয়েছে, তা গত কয়েক বছর ধরেই স্পষ্ট। এ বছরের পাঠ্যপুস্তক সেই সাম্প্রদায়িক অপরাজনীতির সঙ্গে সরকারের আপসরফারই চূড়ান্ত বহিঃপ্রকাশ।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদিত পাঠ্যপুস্তকগুলোতে যে ভুল ও ‘তথ্য বিকৃতির’ ছড়াছড়ি, একটু লক্ষ করলেই বোঝা যায় এটি তিন ধরনের—বানান ও তথ্যগত বিকৃতি, বাক্য গঠনে ভুল এবং মৌলবাদ ও সাম্প্রদায়িক মনোবৃত্তির অনুপ্রবেশ। এক ও দুই নম্বর ভুলগুলো সঠিক পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে হচ্ছে। কিন্তু তৃতীয় ভুলটি পরিকল্পিত। যাঁরা করছেন, তাঁরা ইচ্ছাকৃতভাবেই একটি সাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের জন্যে কাজটি করে চলছেন।
বিবৃতিতে বলা হয়, ‘একাত্তরের পরাজিত সাম্প্রদায়িক শক্তি আজ শাসকশ্রেণির রাজনৈতিক মেরুদণ্ডহীনতার সুযোগে এক বিষবৃক্ষে রূপান্তরিত হয়েছে। আজ যখন ভুল আর বিকৃত তথ্যে ভরা সাম্প্রদায়িক পাঠ্যপুস্তক প্রণয়নের জন্য সরকারকে হেফাজতে ইসলাম বা চরমোনাইয়ের পীর ধন্যবাদ জানান, তখন স্পষ্ট হয় কতটা দিকচিহ্নহীন মুক্তিযুদ্ধের আদর্শের তথাকথিত ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলো। রাজনীতির এই দর-কষাকষিতে চরম মূল্য দিতে হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎকে। শিশুদের মগজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বিষ এবং তার বিস্তার ঘটানো হচ্ছে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে।’
পাঠ্যপুস্তকে দলীয়করণ ও তোষামোদি করার অভিযোগ তুলে তারও নিন্দা জানান বিশিষ্ট এই ব্যক্তিরা।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন আহমেদ রফিক, কামাল লোহানী, যতীন সরকার, সিরাজুল ইসলাম চৌধুরী, হায়াৎ মামুদ, সৈয়দ হাসান ইমাম, হাসান আজিজুল হক, সনৎ কুমার সাহা, অজয় রায়, সফিউদ্দিন আহমদ, কাজী মদিনা, আবুল মোমেন, রামেন্দু মজুমদার, দ্বিজেন শর্মা, মামুনুর রশিদ, নাসির উদ্দীন ইউসুফ, আসাদ চৌধুরী প্রমুখ।