পাঠ্যবইয়ে স্থান পাওয়ায় রোজিনাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবইয়ে স্থান পাওয়ায় রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী রোজিনাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলা ১১টায় বিদ্যালয়ের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরু হয়। বাঁশি বাজিয়ে রোজিনাকে বরণ করেন রাজশাহী বেতারের বাঁশি শিল্পী হাসান রাজা। সংগীত পরিবেশন করেন চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ তারকা মৌমিতা তাসরীন। রোজিনার গলায় উত্তরীয় পরিয়ে দেন বিদ্যালয়ের শিক্ষক হোসনে আরা। সংবর্ধনার ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আবদুল হান্নান। তারপর একে একে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুল ও বিভিন্ন উপহারসামগ্রী রোজিনার হাতে তুলে দেয়।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা প্রশাসক ধোপাপাড়া গ্রামে রোজিনার বাড়িতে যান। তিনি রোজিনার মা-বাবার সঙ্গে কথা বলে তাঁদের খোঁজ-খবর নেন। পরে সেখান থেকে রোজিনাকে সঙ্গে নিয়ে সংবর্ধনাস্থলে আসেন। জেলা প্রশাসক রোজিনার মতো নির্যাতিত একজন মেধাবী শিক্ষার্থীর জীবনী পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন। তিনি রোজিনার ব্যাংক হিসাবে ১০ হাজার টাকা এবং বাড়ি করার জন্য সরকারি একটি খাসজমি বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন। এছাড়া ২ হাজার টাকার চেক দেন ফজলুর রহমান নামের এক ব্যক্তি। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিভা অন্বেষণের পরিচালক সোহরাব খোকন, বিদ্যালয়ের শিক্ষক মুনসুর রহমান প্রমুখ।ধোপাপাড়ায় রোজিনাদের বাড়ি ছিল গ্রামের রাস্তার পাশে অন্যের জমিতে। ছোট্ট একটি কুঁড়েঘরে এক ভাই ও এক বোনকে নিয়ে থাকত সে। মা-বাবা থাকতেন বারান্দায়। বাবা আবদুল লতিফ ভ্যান চালাতেন। মা রেনু বেগম কাজ করতেন ধানের চাতালে। পড়ার খরচ চালাতে না পেরে অষ্টম শ্রেণীতে থাকতেই বিয়ে দেওয়া হয় রোজিনাকে। এরপর যৌতুকের দাবিতে শুরু হয় স্বামীর নির্যাতন। তালাকের মাধ্যমে মুক্তি পায় রোজিনা। বাবার বাড়ি ফিরে আবার পড়াশোনা শুরু করে সে। এই ছাত্রীকে সাগ্রহে নবম শ্রেণীর মানবিক বিভাগে ভর্তি করে নেন ধোপাপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষকেরা। ২০১০ সালে ওই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পায় রোজিনা।এ নিয়ে ২০১০ সালের ১৬ মে প্রথম আলোয় ‘রোজিনার জীবনে অন্য রকম পাওয়া’ শিরোনামে গল্পটি প্রকাশিত হয়। এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ষষ্ঠ শ্রেণীর ‘কর্ম ও জীবনমুখী শিক্ষা’ বইয়ের ৫১ নম্বর পৃষ্ঠায় হুবহু গল্পটি তুলে দিয়েছে।