বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচনী আইনসংক্রান্ত গেজেটে বলা হয়েছে, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হতে হলে বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে। অথচ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রকাশিত (বিতরণ-২০১০) নবম ও দশম শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইয়ের দ্বাদশ পরিচ্ছেদে চেয়ারম্যান ও সদস্য পদের যোগ্যতা ও অযোগ্যতা বিষয়ে লেখা হয়েছে, চেয়ারম্যানের জন্য কমপক্ষে ২৫ ও সদস্যের জন্য ১৮ বছর বয়সের প্রয়োজন হয়। নির্বাচন কমিশন প্রবর্তিত সদস্য পদের যোগ্যতা ও অযোগ্যতাসংক্রান্ত নীতিমালার সঙ্গে নবম ও দশম শ্রেণীর বইয়ের বয়সসংক্রান্ত বিষয়টি সাংঘর্ষিক। এনসিটিবি কর্তৃক অনুমোদিত উচ্চমাধ্যমিক শ্রেণীর পৌরনীতি বইয়ের দ্বিতীয় পত্রেও এমনটি লেখা হয়েছে। এতে শিক্ষার্থীরা যেমন ভুল শিখছে, তেমনি সদস্য পদের প্রার্থীদের নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে বয়সসংক্রান্ত বিষয়ে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ইউপি সদস্য পদে প্রার্থী হতে আগ্রহী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ওহেদুজ্জামান বলেন, ‘এতদিন জেনে এসেছি, সদস্য পদে নির্বাচন করতে হলে ১৮ বছর বয়সের প্রয়োজন হয়। আমার বয়স এখন ২২ বছর চার মাস। সুতরাং আমি প্রার্থী হতে পারব জেনেই দুই বছর ধরে এলাকায় নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। অথচ গত বুধবার যশোর জেলা নির্বাচনী কার্যালয়ে গিয়ে জানতে পারলাম প্রার্থী হতে হলে ২৫ বছর বয়স হতে হবে। তখন হোঁচট খেতে হলো। এতদিন বইয়ের মাধ্যমে যা জেনেছি তা কি ভুল?’শুধু ওহেদুজ্জামান নয়, সদস্য পদে প্রার্থী হতে ইচ্ছুক যশোর জেলার বিভিন্ন উপজেলার অন্তত ২০ জন বয়সের এমন সাংঘর্ষিকতার শিকার হয়েছেন বলে জানা গেছে। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন প্রথম আলোকে বলেন, ২০০৯ সালের নির্বাচনী আইনসংক্রান্ত গেজেটের শর্তানুযায়ী চেয়ারম্যান ও সদস্য পদে প্রার্থী হওয়ার জন্য বয়স ২৫ বছর পূর্ণ হতে হবে। কোনো বইয়ে যদি সদস্য পদের জন্য ১৮ বছর লেখা হয়, তবে সেটি ভুল বলে ধরে নিতে হবে। কারণ এটি জাতীয় সংসদে পাস করা আইন।