চলতি বছরের প্রথম থেকে দশম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ের পরিবর্তন সংকলক-সম্পাদকদের সম্পূর্ণ অজ্ঞাতে হয়েছে। যৌথ বিবৃতি দিয়ে এ কথা বলেছেন ওই সব বইয়ের ১৩ জন সংকলক-সম্পাদক।
গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তাঁরা বলেছেন, ‘২০১৭ শিক্ষাবর্ষের জন্য জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত প্রথম থেকে দশম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে বিভিন্ন ভুল ও পাঠ পরিবর্তন নিয়ে যে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে, তাতে সংকলক-সম্পাদকদের সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে। এ সম্পর্কে ছাত্র, শিক্ষক, অভিভাবকসহ সকলের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে, পাঠ্যবইয়ের পরিবর্তন সংকলক-সম্পাদকদের সম্পূর্ণ অজ্ঞাতে হয়েছে। পরিবর্তন বা সংযোজন বিষয়ে সংকলক-সম্পাদকদের কিছুই জানানো হয়নি।’
বিবৃতিদাতা ১৩ জন সংকলক ও সম্পাদক হলেন হায়াৎ মামুদ, নিরঞ্জন অধিকারী, মাহবুবুল হক, মাসুদুজ্জামান, বিশ্বজিৎ ঘোষ, সৈয়দ আজিজুল হক, সোয়াইব জিবরান, শফিউল আলম, দানীউল হক, শ্যামলী আকবর, নূরজাহান বেগম, রফিকউল্লাহ খান ও সৌমিত্র শেখর। এই সংকলক ও সম্পাদকেরা পৃথকভাবে প্রথম থেকে তৃতীয়, চতুর্থ থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম এবং নবম থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ের পরিবর্তন নিয়েও বিবৃতি দিয়ে একই কথা বলেছেন।
উল্লেখ্য, চলতি বছরের পাঠ্যবইয়ে ভুলভ্রান্তি এবং নামকরা প্রগতিশীল লেখকদের বেশ কিছু গল্প-কবিতা বাদ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।