পাঠ্যবইয়ের পরিবর্তন সুনামির মতো
রাজধানীতে এক আলোচনা চক্রে শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা বলেছেন, দেশের শিক্ষাব্যবস্থা এখনো পাকিস্তানি রয়ে গেছে। এবারের পাঠ্যপুস্তকের পরিবর্তনের ধরন আইয়ুব সরকারের সময়ের মতো হয়েছে। বইয়ের এই পরিবর্তন রাতের অন্ধকারে সুনামি হয়ে যাওয়ার মতো, যে সুনামি ভাসিয়ে নিয়ে যাচ্ছে অসাম্প্রদায়িকতাকে।
আজ রোববার বিকেলে সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘সংকটের আবর্তে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা’ শীর্ষক এই আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। আলোচনা থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে অবিলম্বে একমুখী শিক্ষাব্যবস্থা চালুর পদক্ষেপ নেওয়া, ‘অসৎ’ উদ্দেশ্যে পাঠ্যসূচিতে আনা পরিবর্তন এবং ত্রুটি সংশোধন করাসহ কয়েকটি দাবি জানানো হয়।
পাঠ্যবইয়ে হেফাজতীকরণ করা হয়েছে—এমন অভিযোগ করে শিক্ষাবিদ অধ্যাপক অজয় রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বলেন, হেফাজতীকরণ বন্ধ করুন, নাহয় আপনাকেও ছাড়বে না। সরকারের মধ্যে যারা হেফাজতের আছে, তাদের শাস্তি বিধান করুন, জনসম্মুখে দাঁড় করান। পাঠ্যবইয়ে যে পরিবর্তন আনা হয়েছে, তা অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তিনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, এবারের বইয়ের পরিবর্তন দেখে মনে হয়েছে রাতের অন্ধকারে সুনামি হয়ে গেছে। এই সুনামি ভাসিয়ে নিয়ে যেতে চাইছে অসাম্প্রদায়িকতাকে।
ইতিহাসের শিক্ষক অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু শিক্ষা স্বাধীন হয়নি। শিক্ষা পাকিস্তানি রয়ে গেছে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক আজিজুর রহমান। তিনি বলেন, যে ঘৃণ্য অপশক্তি বাংলাদেশে সেক্যুলার গণতান্ত্রিক চর্চা বা মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন দেখতে চায় না, তারা দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে এমন কিছু পরিবর্তন এনেছে, যাতে কোমলমতি শিশুরা মৌলবাদী হিসেবে গড়ে ওঠে। সরকারের উদ্দেশে তিনি বলেন, মৌলবাদী জামায়াত-হেফাজতের সঙ্গে আপস করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করা যাবে না। আগুন নিয়ে খেললে একসময়ে নিজেদের হাতই ওই আগুনে পুড়ে যাবে।
সম্মিলিত সামাজিক আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউদ্দিন তারিক অালি সভাপতিত্বে আলোচনাচক্রে আরও বক্তৃতা করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত, নারীনেত্রী রোকেয়া কবীর, শিক্ষক নেতা নূর মোহাম্মদ তালুকদার প্রমুখ।