পাঠ্যসূচির তালিকায় নোট-গাইড লাইব্রেরিতে দেদার বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যসূচির তালিকায় রাখা হয়েছে নিষিদ্ধ নোট আর গাইড বই। আর সেগুলো কিনতে শিক্ষার্থীদের প্রতি রয়েছে শিক্ষকদের কড়া নির্দেশ। তাই এসব বইয়ের জন্য স্থানীয় লাইব্রেরিগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। দেদার চলছে নোট আর গাইড বাইয়ের বিক্রি।

উপজেলার রূপধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জনসহ একাধিক বিদ্যালয়ের শিক্ষক এবং কয়েকজন ছাত্রছাত্রী ও অভিভাবক পরিচয় গোপন রাখার শর্তে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল আহম্মেদ বলেন, প্রাথমিক পর্যায়ে সরকার শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে বই সরবরাহ করছে। আলাদাভাবে কোনো বই কেনার প্রয়োজন নেই। তা ছাড়া সরকার নোট-গাইড নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষক নোট বা গাইড বই কিনতে বা পড়তে নির্দেশনা দিলে এবং উদ্বুদ্ধ করলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ। এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ১৪৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে জুপিটার, দিগন্ত, দ্বীপশিখা, পপি, পাঞ্জেরি, পুথি নিলয়, স্কয়ার ও জননী নোট ও গাইড পাঠ্যসূচির তালিকায় রাখা হয়েছে। সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে শিক্ষকেরা চলতি শিক্ষাবর্ষে এসব নোট ও গাইড কিনতে নির্দেশ দিচ্ছেন কোমলমতি শিক্ষার্থীদের। এই নির্দেশের পেছনে চলে মোটা অঙ্কের টাকার লেনদেন। গত বছরও এসব নোট ও গাইড উপজেলার এসব শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে রাখা হয়েছিল।

প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১০ জন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, শিক্ষাবর্ষ শুরুর মাস দেড়েক আগ থেকেই বই প্রকাশনী সংস্থা ও এজেন্ট প্রতিনিধিরা বিদ্যালয়গুলোতে আসতে থাকেন। এ সময় নিজ নিজ প্রকাশনা সংস্থার নোট-গাইড পাঠ্যসূচিভুক্ত করতে উপঢৌকনসহ নগদ টাকা দিয়ে তদবির চালান তাঁরা। প্রাথমিক বিদ্যালয়ে ৮ থেকে ১৫ হাজার টাকার বিনিময়ে নোট ও গাইড বই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। তবে এ বই প্রকাশনা সংস্থার বিশেষ মলাট ও প্রচ্ছদে তৈরি করে স্থানীয় লাইব্রেরিতে চড়া দামে বিক্রি করা হয়।

পরিচয় গোপন রাখার শর্তে একাধিক বই বিক্রেতা বলেন, শিক্ষাবর্ষ শুরুর মাস খানেক আগে থেকে বিভিন্ন প্রকাশনীর নোট-গাইড বই গুদামজাত করে পাথরঘাটার কাকচিড়া বাজারের মনির লাইব্রেরি। পরে ওই নোট-গাইড বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলায় এবং পিরোজপুরের মঠবাড়িয়ার কিছু লাইব্রেরিতে পাইকারি সরবরাহ করা হয়।

অভিযোগ অস্বীকার করে মনির লাইব্রেরির স্বত্বাধিকারী মঞ্জুরুল আলম বলেন, ‘নোট-গাইডের ব্যবসা আমি করি না, তবে গত বছর আমার ওই ব্যবসা ছিল।’

পৌর এলাকা ও গ্রামগঞ্জে অন্তত ১৫ জন অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পাঠ্যসূচির তালিকায় নিষিদ্ধ নোট-গাইড রাখা হয়েছে। শিক্ষকদের কড়া নির্দেশনায় ওই নোট-গাইড কিনতে বাধ্য হচ্ছে অভিভাবক ও শিক্ষার্থীরা। নোট-গাইড না কিনলে শ্রেণিকক্ষে প্রতিদিন চাপ দিচ্ছেন শিক্ষকেরা। এতে স্থানীয় লাইব্রেরিতে দেদার চলছে নোট-গাইড বিক্রি।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. কামরুল হুদা বলেন, নোট-গাইড আইনে নিষিদ্ধ। তাই পাঠ্যসূচির তালিকায় নোট-গাইড রাখা বা বিদ্যালয়ে পড়ানো যাবে না। এ ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।