রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় পর্যটকসহ চারজনকে অপহরণের ঘটনায় কেওক্রাডাং পাহাড়ের পাসিং ম্রো কার্বারিসহ (পাড়াপ্রধান) পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁদের আটক করা হয়নি। পুলিশ কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
৩ অক্টোবর বান্দরবানের রুমা উপজেলা-সংলগ্ন বড়থলি ইউনিয়নের সেপ্রুপাড়া থেকে দুই পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের, জাকির হোসেন ও তাঁদের পথপ্রদর্শক (গাইড) মাংসাই ম্রো এবং মেন্দোইপাড়া থেকে আরেক দল পর্যটকের পথপ্রদর্শক লালরিং সাং বমকে অপহরণ করে সন্ত্রাসীরা।
অপহৃত মাংসাই ম্রোর বড় ভাই পাসিং কার্বারি। তিনি অপহরণের শিকার ব্যক্তিদের খোঁজ করতে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান লিবারেশন পার্টির (এএলপি) সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ফিরে এসে পাসিং বলেছিলেন, এএলপি অপহরণের কথা অস্বীকার করেছে। তিনিই অপহরণের ঘটনার পর দাবি করেছিলেন, এএলপি মুঠোফোনে ৫০ লাখ টাকা মুক্তিপণ চেয়েছে।
পুলিশ জানায়, অপহরণের ঘটনার আগে-পরের পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা এবং এলাকার মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করে ওই পাঁচজনকে সন্দেহভাজন মনে করা হচ্ছে। পাসিং কার্বারি ছাড়া অন্য চারজন হলেন বড়থলি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অনচন্দ্র ত্রিপুরা, রুমা সদর ইউপির সাবেক সদস্য মেনপং ম্রো, বগালেকের পর্যটন ব্যবসায়ী লালরাম বম ও পথপ্রদর্শক জয়পাল বড়ুয়া।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল ইসলাম ও রুমার ওসি শরিফুল ইসলাম বলেন, এই পাঁচজনকে নিরাপত্তা বাহিনী বান্দরবান জেলা সদরে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় তাঁদের কাছ থেকে উদ্ধার অভিযানের জন্য সহায়ক তথ্য পাওয়ার চেষ্টা চলছে। তাঁদের আটক করা হয়নি।
উদ্ধার অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, যে নম্বরগুলো থেকে মুক্তিপণ চাওয়া হয় বলে পাসিং কার্বারি দাবি করেছিলেন, তা যাচাই করে দেখা হয়েছে। দেখা গেছে, চিম্বুক ও নীলগিরি টাওয়ারের নেটওয়ার্ক থেকে ওই ফোন করা হয়। তবে চিম্বুক-নীলগিরি টাওয়ারের নেটওয়ার্ক মিয়ানমারের সীমান্ত পাহাড় পর্যন্ত বিস্তৃত হওয়ায় অবস্থান নিশ্চিতভাবে শনাক্ত করা যাচ্ছে না।
অপহৃত দুই পর্যটকের খোঁজে পরিবারের পক্ষ থেকে রুমায় এসেছিলেন আরাফাত ইসলাম ও আবদুর রব। ১১ দিনেও কোনো হদিস না পেয়ে হতাশ হয়ে গতকাল তাঁরা ঢাকায় ফিরে গেছেন।