পাড়া-মহল্লায় দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট শহরের পাড়া–মহল্লায় ইজিবাইক চলাচলের দৃশ্যটি সম্প্রতি কালীবাড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো
সিলেট শহরের পাড়া–মহল্লায় ইজিবাইক চলাচলের দৃশ্যটি সম্প্রতি কালীবাড়ি এলাকা থেকে তোলা l প্রথম আলো

সিলেট নগরের পাড়া-মহল্লায় দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধঘোষিত ব্যাটারিচালিত ‘ইজিবাইক’। অথচ নগরবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের ১ জুলাই থেকে নগরের রাস্তায় এসব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছিল মহানগর পুলিশ।
পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা স্বীকার করেছেন, বেশ কিছুদিন ধরে নজরদারি না থাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালকেরা ইজিবাইক পাড়া-মহল্লায় চালাচ্ছেন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নগরের কালীবাড়ি, হাওলাদারপাড়া, করেরপাড়া, বনকলাপাড়া, লামাপাড়া, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গেট, শাপলাবাগ, বাগবাড়ি, সাগরদিঘিরপাড়, কাজলশাহ, ভাতালিয়া এলাকায় ইজিবাইক চলাচল করছে। এর বাইরে আম্বরখানা, চৌকিদেখি, পাঠানটুলা, মদিনা মার্কেট, শাহী ঈদগাহ, বালুচর, টিলাগড়, শিবগঞ্জ, কদমতলী, আখালিয়া এলাকার প্রধান সড়কগুলোতেও অবাধে এসব যান চলাচল করছে।
নগরের কালীবাড়ি এলাকার বাসিন্দা ও একটি ওষুধ কোম্পানির প্রতিনিধি সুনির্মল দাস বলেন, এসব ইজিবাইক আকারে বড় হওয়ায় নগরে প্রচণ্ড যানজট তৈরি করত। এ ছাড়া এসব যানে ভালোমতো ব্রেক কষতেও পারেন না চালকেরা। এতে করে প্রতিদিনই নগরে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা হতো। এ কারণেই নগরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে যানটি নিষিদ্ধ করেছিল পুলিশ। কিন্তু কিছুদিন যেতে না-যেতেই আবার এসব যান প্রকাশ্যেই চলছে।
সিলেট সিটি করপোরেশনের লাইসেন্স শাখার একজন কর্মকর্তা এবং মহানগর পুলিশের (ট্রাফিক) দুজন সার্জেন্ট বলেন, ২০০৯ সালের জানুয়ারি মাসে নগরের সড়কগুলোতে ইজিবাইক চলাচল শুরু করে। শুরুর দিকে সিলেটে ১ হাজার ১৫০টি ইজিবাইককে নগরে এক বছরের জন্য চলাচলের অনুমতি দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ। পরে কেউ আর এসব লাইসেন্স নবায়ন করেনি। এরপর দ্রুতই নগরে ইজিবাইকে ছেয়ে যায়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, সম্প্রতি নগরের পাড়া-মহল্লায় ইজিবাইক চলাচলের প্রবণতা বেড়ে গেছে। অথচ এসব ইজিবাইকের একটিরও কোনো অনুমোদন নেই। এর বাইরে পুলিশ প্রশাসন তো এসব যানের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তিনি আরও বলেন, ‘এসব যান যেন না চলতে পারে, এ জন্য আমরা প্রায়ই অভিযান চালাই। তবে এ ক্ষেত্রে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে।’
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ রহমত উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘ট্রাফিক পুলিশ পাড়া-মহল্লায় না থাকার সুযোগ নিয়ে চালকেরা হয়তো ইজিবাইক চালাচ্ছেন। সেটি আমাদেরও জানা ছিল না। তবে বিষয়টি খোঁজ নিয়ে অবশ্যই শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই এসব নিষিদ্ধ যান নগরে চলাচল করতে দেওয়া হবে না।’