পাণ্ডুলিপি পাচারের অভিযোগ রামমালা গ্রন্থাগার সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপি পাচারের অভিযোগে কুমিল্লা নগরের ঈশ্বর পাঠশালার ভেতরে অবস্থিত রামমালা গ্রন্থাগার সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের একটি পরিদর্শক দল কুমিল্লায় এসে গ্রন্থাগারটি সিলগালা করে দেয়।
আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) অদুদুল বারী চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধিদলটি রামমালা গ্রন্থাগার পরিদর্শন করে। ওই সময় প্রতিনিধিদলের সদস্যরা একজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশিকে স্ক্যানিং করার নামে পাণ্ডুলিপি নষ্ট করতে দেখেন। তাৎক্ষণিকভাবে তাঁরা বিষয়টি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জানান। পরে মন্ত্রীর নির্দেশে গ্রন্থাগারটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যাঁরা ওই পাণ্ডুলিপি সংরক্ষণের নামে পাচারের চেষ্টা করছেন তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার ভৌমিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন মিয়া বলেন, ‘গত ২৮ জানুয়ারি সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস কুমিল্লার রামমালা গ্রন্থাগার পরিদর্শন করেন। ৩০ মার্চ রামমালা গ্রন্থাগারের শতবর্ষের পুরোনো পুঁথি সংরক্ষণের জন্য সংস্কৃতিসচিবকে চিঠি দিই। ওই চিঠিতে রামমালা গ্রন্থাগারের দুর্লভ হস্তলিখিত পাণ্ডুলিপির পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত ও ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়। এরই পরিপ্রেক্ষিতে ২ এপ্রিল সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে মন্ত্রণালয়ে এক বৈঠক হয়। বৈঠকে রামমালা গ্রন্থাগারের মূল্যবান পাণ্ডুলিপি স্ক্যানিং করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পাঠাগারের পুঁথি, পাণ্ডুলিপি ও অন্যান্য নথি নিয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান গবেষণা করতে চাইলে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে বলে সিদ্ধান্ত হয়। ক্যাটালগ তৈরির আগে পাঠাগারটি কোনো গবেষক বা পাঠককে ব্যবহারের অনুমতি না দেওয়ার জন্য রামমালা গ্রন্থাগার কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়। কিন্তু ওই নির্দেশ অমান্য করে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব বিভাগের শিক্ষক বেঞ্জামিন জে ফ্লেমিং ও বাংলা একাডেমির সহকারী পরিচালক সাইমন জাকারিয়ার নেতৃত্বে একটি দল গবেষণা কার্যক্রম অব্যাহত রাখে। গতকালও একজন বিদেশি ও পাঁচজন বাংলাদেশি ওই গ্রন্থাগারের ভেতরে স্ক্যানিং মেশিন, নানা ধরনের যন্ত্রপাতি ও ব্যাগ নিয়ে কাজ করছিলেন।’
জানতে চাইলে অদুদুল বারী চৌধুরী গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে গবেষক দলটি মূল্যবান প্রত্নসম্পদগুলো পাচারের চেষ্টা করছিল। তাঁদের অত্যাধুনিক যন্ত্রপাতি ও স্ক্যানিং মেশিন দেখেই আমরা কাজ করতে বারণ করি। ওই নির্দেশ অমান্য করে তাঁরা কাজ চালিয়ে যাচ্ছিলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি টের পেয়ে পুলিশ আসার আগেই ওরা সটকে পড়ে।’
এ ব্যাপারে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কাছে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হয়। পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, এ ব্যাপারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে গবেষক সাইমন জাকারিয়া বলেন, ‘আমরা ট্রাস্টি বোর্ড থেকে অনুমতি নিয়ে কাজ করছিলাম। এটা ট্রাস্টের সম্পদ, সরকারের সম্পদ নয়। তার ওপর রোববার (গতকাল) আমি ঘটনাস্থলে ছিলাম না। গত দুই মাস যাবৎ আমি সেখানে যাচ্ছি না।’
১৯১২ সালে বিশিষ্ট শিক্ষানুরাগী মহেশচন্দ্র ভট্টাচার্য রামমালা গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। ওই গ্রন্থাগারে বিভিন্ন ধরনের ৩০ হাজার বই, আট হাজারের বেশি প্রাচীন পুঁথি রয়েছে। এর মধ্যে ছয় হাজার পাণ্ডুলিপি সংস্কৃত ভাষায় হাতে লেখা। পুঁথিগুলো বাংলা ও সংস্কৃত ভাষায় রচিত। পাণ্ডুলিপিগুলো তুলট কাগজ, তালপাতা, কলাপাতা, কাঠসহ নানা উপাদানের ওপরে লেখা।