পাতকুয়ায় মৃত্যুফাঁদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পাতকুয়ার পানি দিয়ে বাদশাঘোনার ৪০-৪৫টি পরিবার চলে। গরিব মানুষ, পাহাড়ে থাকি, নলকূপ বসানোর সামর্থ্য নেই। এত উঁচু পাহাড় থেকে নিচে নেমে পানি তোলাও সম্ভব হয় না।’গত বৃহস্পতিবার সকালে দিনমজুর জালাল আহমদ (৪৫) পানি নিয়ে পাহাড়ের বাসিন্দাদের এই দুর্ভোগের কথা বলেন। কক্সবাজার শহরের বাদশাঘোনা পাহাড়ে তাঁর বাস। ছয় বছর আগে পাহাড়ে আসেন তাঁরা। প্রায় ৮০ ফুট উঁচু ঢালে বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে একটি ছোট ঘর তোলেন তিনি। স্ত্রী ও চার ছেলেমেয়ে নিয়ে তাঁর সংসার।জালাল বলেন, বর্ষা মৌসুমে ঢলের পানি ঢুকে এসব কূপ মৃত্যুফাঁদে পরিণত হয়। পানি তুলতে গিয়ে পা ফসকে অনেকেই এই কূপে পড়ে হতাহত হয়। তাঁর স্ত্রী সখিনা খাতুন বলেন, ‘পাতকুয়ায় ঢলের পানি ঢুকে পড়ায় পাহাড়ে এখন খাওয়ার পানির তীব্র সংকট চলছে। এই পানি খাওয়া যায় না। যেসব কূপে ঢলের পানি ঢোকেনি, সেসব কূপ থেকেই কেবল পানি আনা যায়। পানি নিয়ে না ফেরা পর্যন্ত আতঙ্কে থাকি—পাহাড় ধসে বা পা পিছলে ছেলেমেয়েরা হারিয়েই যাচ্ছে কি না।’সখিনার প্রতিবেশী আনোয়া বেগম (৩৫) বলেন, গত সপ্তাহে রাতে বাড়ির পাশের একটি পাতকুয়ায় পড়ে তাঁর স্বামী মনির উল্লাহ গুরুতর আহত হন। কূপ পানিতে টইটম্বুর না থাকলে হয়তো মারাই যেতেন।বাদশাঘোনার রিকশাচালক রহিম উল্লাহ (৩৭) জানান, ২০০৭ সালের জুলাইয়ে একই পাতকুয়ায় পড়ে মহেশখালীর আনোয়ার হোসেন, তাঁর শ্যালক এরশাদুল্লাহ ও একমাত্র ছেলে মোহাম্মদ হোসেন মারা যান। এর কয়েক দিন পর পৌরসভা কর্তৃপক্ষ কূপটি ভরাট করে দিলেও পাহাড়ের এই এলাকায় আরও ২০-৩০টি কূপ রয়ে গেছে।কক্সবাজারের কয়েকটি পাহাড় ঘুরে জানা গেছে, বাদশাঘোনা ছাড়াও ঘোনাপাড়া, বৈদ্যঘোনা, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রাম, বাসটার্মিনালসহ বিভিন্ন পাহাড়ে কমপক্ষে ৩০০ পাতকুয়া রয়েছে। পাহাড়ি পথের দুই পাশে, ঢালে বসতবাড়ির সামনে ও খোলা পাহাড়ি জমিতে এসব পাতকুয়া রয়েছে। কূপগুলো চিহ্নিত করার ব্যবস্থা নেই। খুব কাছে না গেলে কূপের মুখ দেখা যায় না। দিনে পুরুষেরা কাজে যান বলে বাড়ির নারী ও শিশুরাই সাধারণত রশির সঙ্গে কলস বা অন্য কোনো পাত্র বেঁধে কূপ থেকে পানি তোলে। একেকটি কূপ ৫০ থেকে ৯০ ফুট গভীর। ওপর থেকে অনেক সময় কূপের পানিও দেখা যায় না।ঘোনাপাড়ার সমাজ কমিটির সাধারণ সম্পাদক আবুল হোসেন বলেন, ১০০ ফুটের বেশি একটি গভীর নলকূপ বসাতে প্রায় দেড়-দুই লাখ টাকা খরচ হয়। তা ছাড়া পাহাড়ের মাটি ভেদ করে নলকূপ বসানোও কষ্টসাধ্য। অনেক সময় নলকূপ বসিয়েও পানি পাওয়া যায় না। এ কারণে পাহাড়ের বাসিন্দারা ১০-২০ হাজার টাকা ব্যয় করে মাটি খুঁড়ে পাতকুয়া তৈরি করেন। পাহাড়ে পানীয় জলের এর বিকল্প কোনো ব্যবস্থা নেই।তিন শতাধিক পাতকুয়ার মধ্যে দেড় শতাধিক পাতকুয়ায় বেড় নেই। এতে ঢলের পানি এসব কূপে খুব সহজেই ঢুকে পড়ে। পৌরসভার চেয়ারম্যান সরওয়ার কামাল বলেন, পাহাড়ে এখনো দেড় শতাধিক পাতকুয়া ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এসব কুয়ায় পড়ে যেকোনো সময় পাহাড়ের বাসিন্দাদের প্রাণহানি ঘটতে পারে। তাই পাতকুয়াগুলো ভরাটের ব্যবস্থা করা হচ্ছে। স্থানীয় লোকজনের পানির সমস্যা সমাধানে বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।