পাতলী খাল সংস্কার, খুশি চাষিরা
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের সেই পাতলী খালের খননকাজ ২৭ বছর পর আবার শুরু হয়েছে। খালের পানি দিয়ে তিন ইউনিয়নের প্রায় ১২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা যাবে। উপকারভোগের আশায় খালের দুই পাশের জায়গায় প্রায় ৩০ হাজার চাষি শাক-সবজিসহ নানা ধরনের ফসলের আবাদ শুরু করছেন। কক্সবাজার-৩ (সদর-রামু) আসন থেকে নির্বাচিত সাংসদ লুৎফুর রহমান কাজল ব্যক্তিগত টাকায় প্রায় আট কিলোমিটার দৈর্ঘ্যের এই খালটি খনন করে দিচ্ছেন। স্থানীয় বাসিন্দা ও পিএমখালী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম (৫২) জানান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের নভেম্বর মাসে স্বেচ্ছাশ্রমে এই পাতলী খালটি খনন করেন। সেই সময় অনাবাদি ১২ হাজার হেক্টর জমিতে সবুজ বিপ্লব ঘটে। এই খাল কাটা দেখতে তখন ছুটে আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বরার্ট ম্যাকনামারা, নেপালের রাজা বীরেন্দ্র, ভুটানের রাজা জিগমে সিগমে ওয়াংচুক ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বন্দরনায়েকে। পিএমখালী চেরাংঘর বাজারের ব্যবসায়ী (বেকারি) রশিদ আহমদ (৪৮), মাছুয়াখালী বাজারের ওষুধ বিক্রেতা নূরুল হাকিম (৪২) জানান, খননের পর খালটি টানা চার বছর সচল ছিল। এরপর বর্ষার পলি, পাহাড়ি মাটি ও নর্দমায় খালটি ভরাট হয়ে যায়। এরপর থেকে চাষাবাদও বন্ধ থাকে। সরেজমিনে পাতলী খালে গিয়ে দেখা গেছে, ২৮ জন শ্রমিক খননকাজ করছেন। একটু দূরে দুটি মাটি খোঁড়ার যন্ত্র (স্কেভেটর) খালের খননকাজ চালানো হচ্ছে। বাঁকখালী নদীর বাংলাবাজার স্লুইসগেট অংশ থেকে উত্তর দিকে মমতারগুদা পর্যন্ত প্রায় আট কিলোমিটার লম্বা এই পাতলী খালের প্রস্থ এখন (খননের পর) ৫০ ফুট, গভীরতা ১৫ ফুট। খালের দুই পাশে কক্সবাজার সদর ও রামু উপজেলার তিন ইউনিয়ন ঝিলংজা, পিএমখালী ও চাকমারকুলের কমপক্ষে দেড় লাখ মানুষ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে। পিএমখালী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জাহেদা বেগম জানান, এলাকাবাসীর দুঃখ লাঘবে ব্যক্তিগত টাকা খরচ করে সাংসদ কাজল খালটি খনন করে দিচ্ছেন। ২৩ নভেম্বর খালের খননকাজ শুরু হয়। কাজ প্রায় শেষের দিকে। বাকি কাজ এ মাসেই শেষ হবে। কাজ তদারকিতে দায়িত্বরত স্থানীয় মো. সৈয়দ নূর (৪৫) ও মুজিবুল হক মিয়াজী (৬১) জানান, এ পর্যন্ত ১২ লাখ টাকা খরচ হয়ে গেছে। পুরো কাজ শেষ করতে আরও কয়েক লাখ টাকা লাগবে। এই টাকাও সাংসদ কাজল দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। চাষি আবদুল শুক্কুর (৪৫) ও ফজলুল হক (৩৮) জানান, ২৫ বছর ধরে পানির অভাবে এই জমিতে চাষবাদ করা সম্ভব হয়নি। বর্ষায় বন্যার পানিতে ডুবে থাকায় ধান চাষও সম্ভব হয়নি। খালটি খনন করায় এখন সবই সম্ভব। সদর উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো. জাফর আলম জানান, এরই মধ্যে খালের দুই পাড়ে প্রায় ৪৫০ হেক্টর জমিতে শাক-সবজিসহ রবিশষ্যের চাষ শুরু হয়েছে। সামনে এর পরিমাণ আরও বাড়বে। তা ছাড়া বর্ষাকালে বন্যার পানি এই খাল দিয়ে সাগরে নেমে গেলে এলাকায় জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি দেখা দেবে না। তখন প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে ধান চাষ করা সম্ভব হবে। সাংসদ কাজল বলেন, ‘খালটি খননের ব্যাপারে গত তিন বছর ধরে নানাভাবে চেষ্টা করেও বরাদ্দ পাইনি। চাষিদের দুর্ভোগ লাঘবে ব্যক্তিগত টাকায় খালটি খনন করে দিচ্ছি। এতে এলাকার কৃষকেরা লাভবান হলে আমি খুশি।’