পাতা ঝরে শালবনে, আনন্দ তাঁদের মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাল্গুন-চৈত্র মাসে শালপাতা ঝরে পড়ে। স্তূপ হয়, প্রকৃতি যেন পাতার বিছানা পেতে রাখে শালবনে। এসব পাতা হতদরিদ্র মানুষের জন্য আশীর্বাদ বয়ে আনে। দেখায় অর্থের মুখ।
এই মৌসুমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চারটি শালবাগানের আশপাশের হাজারো দরিদ্র মানুষ ব্যস্ত দিন কাটায়। যেন শুকনো শালপাতা নয়, কাঁচা টাকা কুড়ান। এতে আনন্দে ভরে ওঠে তাঁদের মন।
পীরগঞ্জের থুমনিয়া, সাগুনী, শতহা ও পূর্বহাজিপুর শালবাগানের আশপাশের হাজারো নারী-পুরুষের জন্য ফাল্গুন-চৈত্র মাস আশীর্বাদ। তাই শ্রমজীবীরা অপেক্ষা করে পাতা ঝরে পড়ার এ মৌসুমটির জন্য। প্রকৃতির এই দান কুড়িয়ে তাঁরা রোজগার করেন।
২১ মার্চ থুমনিয়া শালবাগানের কাছে মালঞ্চা গ্রামের ভারতী রানি, ভাদুয়া গ্রামের সোনামণি রায়সহ কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা হয়। তাঁরা প্রথম আলোকে জানান, ফাল্গুন-চৈত্র মাসে শালগাছের পাতা ঝরে পড়ে। তখন তাঁদের মনের আনন্দ আর ধরে না। কারণ এই শুকনো পাতা রান্নার কাজে লাগে। গৃহস্থবাড়ির লোকজনের কাছে পাতা বিক্রি করে তাঁরা নগদ টাকা পান।
১৯ মার্চ দুপুরে ফুটকিবাড়ি গ্রামের ভ্যানচালক প্রফুল্ল চন্দ্র রায়ের সঙ্গে কথা হয়। তিনি বলেন, প্রতিবার তাঁর ভ্যানে সাত-আট বস্তা পাতা বহন করেন। প্রতি বস্তা পাতা ৪০-৫০ টাকায় বিক্রি হয়। দিনে দুইবার শালবাগানে ঢোকেন। দুই ভ্যান পাতা বিক্রি করে খরচ বাদে প্রতিদিন তাঁর হাতে ধাকে ৫০০ টাকার মতো।
শতহা গ্রামের দিনমজুর আবুল কাশেম বলেন, ‘বছরের এই দুই মাসেই আমার বেশি টাকা আয় হয়। এ কারণে এ সময় আমার মন বেজায় খুশি থাকে।’
ভাদুয়া গ্রামের সুমিতা রানি বলেন, ‘আমি শালবাগান থেকে পাতা কুড়িয়ে গেরস্থের বাড়িতে নিয়া যাই। এক বস্তার দাম ৪০-৪৫ টাকা পাই। সারা দিনে সাত-আট বস্তা বই। প্রতিদিন ২০০-৩০০ টাকা কামাই হয়। খুব ভাল লাগে।’
পীরগঞ্জ বনবিট কর্মকর্তা সফিকল ইসলাম বলেন, ‘ঝরাপাতা আমাদের দুশ্চিন্তার কারণ। কোনো কারণে আগুন লাগলে বাগানের সর্বনাশ হয়ে যাবে। তাই আমরা চাই, ওরা (শ্রমিকেরা) যত দ্রুত সম্ভব পাতা নিয়ে যাক, আর শালবনগুলো নিরাপদ থাকুক।’