পাতা পোড়া রোগে তিন হাজার একরের বোরো নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালবৈশাখীর পর পাতা পোড়া রোগে আক্রান্ত হয়ে বগুড়ার ধুনট উপজেলার প্রায় তিন হাজার হেক্টর জমির বোরো ধানের গাছ নষ্ট হয়ে গেছে। এতে ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কায় ওই এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) রোগে আক্রান্ত হয়ে এসব জমির ধানগাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ এপ্রিল সকালে উপজেলার তিনটি ইউনিয়ন ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ এলাকার বোরো ধানের মাথায় শিষ বের হচ্ছে। প্রায় এক-তৃতীয়াংশ খেতের ধানগাছের পাতা শুকিয়ে খড় হয়ে গেছে। ওই সব গাছের মাথায় বের হওয়া শিষও শুকিয়ে খড়ের মতো বিবর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় ১০-১২ জন কৃষক জানান, এটাকে পাতা পোড়া রোগ বলে। এই রোগ এক জমি থেকে অন্য জমিতে এবং মাঠে-মাঠে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রথম দিকে ধানগাছের পাতা পুড়ে বিবর্ণ হয়। এরপর ধীরে ধীরে শিষ ও ধানগাছের গোড়ার দিক আক্রান্ত হয়। এভাবেই ধানগাছের পাতা পুড়ে শিষে থাকা ধান চিটা হয়ে যায়।
উপজেলার চিকাশি গ্রামের হজরত আলী বলেন, ‘গত আমন মৌসুমে জমির ধান বন্যায় ক্ষতি হয়েছে। ওই সময় একমুঠো ধানও ঘরে ওঠেনি। সেই ক্ষতি পুষিয়ে নিতে মহাজনের কাছ থেকে ঋণ করে তিন বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। কিন্তু সেই ধানও পাতা পোড়া রোগে শেষ করে দিয়েছে। এখন ঋণ কীভাবে পরিশোধ করব ভেবে পাচ্ছি না।’
এলাঙ্গি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের হারেজ উদ্দীন বলেন, ‘প্রতি বিঘা জমিতে ধান চাষে এ পর্যন্ত প্রায় আট হাজার টাকা খরচ করা হয়েছে। কিন্তু সেই জমির ধান রোগে আক্রান্ত হওয়ায় এখন খরচ ওঠাই দায়।’
কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া গ্রামের আবদুস সালাম বলেন, ‘এ সময় অনেক কৃষক দাদনে টেকা নিয়েই ধান চাষ করে। পরে ধান কাইটা দাদনের টাকা শোধ করে। কিন্তু ঝড় আর বৃষ্টির পরে এই সময় এসে ধানের পাতা পুড়ে এত বড় ক্ষতি হবে তা আগে দেহি নাই। কোনো ওষুধেই কাজ হয় না। ধান না পাইলে দাদনের টেকা কীভাবে শোধ দিব?’
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘৪ এপ্রিল ঝড় ও শিলাবৃষ্টিতে ধানগাছের মাথা ছিঁড়ে যায়। বড় ধরনের আঘাতের কারণে ধানগাছের পাতা ও শিষের ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এসব জমির ধানগাছ ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট (বিএলবি) রোগে আক্রান্ত হচ্ছে। এতে ধানের ফলন অনেকটাই বিপর্যয়ের শঙ্কা রয়েছে। এই রোগ দমনে কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষকদের নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না।’
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নে চলতি মৌসুমে ১৬ হাজার ৮০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। গত আমন মৌসুমে বন্যার কারণে অনেক কৃষকই ধান ঘরে তুলতে পারেননি। চলতি মৌসুমে ক্ষতিগ্রস্ত কৃষক নানা প্রতিকূলতার মধ্যেও লক্ষ্যমাত্রার চেয়ে এক হাজার ৫০০ হেক্টর বেশি জমিতে ধান চাষ করেন। এর মধ্যে ১০ হাজার ৭০০ হেক্টর জমিতে উফসি জাত, ৬ হাজার ৭০০ হেক্টর জমিতে উচ্চফলনশীল জাত এবং ১০০ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান চাষ হয়েছে।