
বাগানের কিনারে একটি ডোবা, ডোবার চারপাশজুড়ে ছিটকা ঝোপ, কাঁটাকচু ও হরগোজার ঝাড়। ডোবাটার দিকে মরা নারকেলগাছটির গোড়াতেই ছোট একটা উইয়ের ঢিবি। এক মুরগিমাতা তার ৯টি পিচ্চি ছানা নিয়ে চরছিল ডোবাটার পাশে। তার নজরে পড়তেই আনন্দ-চিৎকার দিয়ে ছুটল ঢিবিটার দিকে, পেছনে ছানারা। দুপা দিয়ে আঁচড়ে ভেঙে দিল ঢিবিটা। ছানারা ঝাঁপিয়ে পড়ে গিলতে শুরু করল উইয়ের ডিম-বাচ্চাসহ উইপোকা।
ধাতব ‘ছক্ ছক্’ শব্দে ডাকতে ডাকতে ওদিকের ছিটকা ঝোপ থেকে উড়ে এসে মাটিতে নেমেই উইপোকা খেতে শুরু করল যে পাখিটি, সেটার দৈর্ঘ্য মাত্র ১০ সেন্টিমিটার। ওজন ৮-৯ গ্রামের মতো হবে। মহাখুশিতে ওটা ঘন ঘন দুপাখা নাড়াচ্ছে। দোলাচ্ছে লেজটি, দিচ্ছে লাফঝাঁপ। এ রকম মওকা তো মেলে না সহজে! মুরগিমাতা কিছুই মাইন্ড করেনি। পাখিটি ডানা ঝেড়ে, পা মাথায় তুলে মাঝে মাঝে চওড়া লেজ-পালক পাখার মতো মেলে দিয়ে মাটিতে সাপটাচ্ছে। আধমরা হচ্ছে উইপোকারা। এমনকি, পা বেয়ে ওঠা পোকাগুলোকে ঝেড়ে না ফেলে ঠোঁটে ধরে চালান করছে পেটে। পাখিটি সদা সতর্ক, তীক্ষ্ণ ÿচাহনি, চোখ গাঢ় বাদামি। পা-ঠোঁট ধূসর গোলাপি। গাঢ় বাদামি ঘাড়-মাথা-পিঠ ও লেজের উপরিভাগ। ঠোঁটের গোড়া থেকে চোখের ওপর দিয়ে বয়ে গেছে একটা কাজল কালো টান, চোখের ভ্রুর ওপর দিয়ে সাদাটে টান। গলা-বুক-পেট সাদা, তবে বুকের দুপাশটা বাফ্ রঙা অথবা হলুদাভ-বাদামি। লেজটিই পুরো শরীরের অর্ধেক, অর্থাৎ ৫ সেন্টিমিটার।
অতি চঞ্চল-চতুর-আত্মগোপনে পারদর্শী হেমন্ত-শীতের পরিযায়ী এই পাখিটার নাম পাতাটুনি। ঝোপটুনি, পাতা ফুটকি, প্রচ্ছন্ন বাদামি পাতা ফুটকি ইত্যাদি নামেও পরিচিত।
পছন্দের চারণক্ষেত্র বন-বাগানের তলদেশ, আখখেত, ঘনঝোপঝাড়, পানের বরজ, হোগলা বন, নলখাগড়ার বন, ধানখেত ইত্যাদি। মাটিতে নেমেই মূলত খাবার সংগ্রহ করে লাফিয়ে লাফিয়ে। ঝরাপাতা ওল্টায় ও গাছের গোড়ার বাকল ঠোকরায়-আঁচড়ায়। বিপদের গন্ধ পেলেই যেন মাটির তলায় হাওয়া হয়ে যাবে। ধানখেত-ঝোপঝাড়ে ওত পেতে থাকা ছোট পাখিখেকো সোনাব্যাঙের কবলে এরাও পড়ে। শীতে রোদ পোহায়। পাতায় জমা টলটলে শিশিরকণা পান করে। খুব ভোরে এরাও মোলায়েম সুরে ‘ছি...রি...র...ছিরর’ শব্দে গান করে।
ইংরেজি নাম Duskey Warbler. বৈজ্ঞানিক নাম phylloscopus fuscatus.