পাতানো নির্বাচন করে আ.লীগ আবার ক্ষমতায় আসতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।গতকাল রোববার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় মির্জা ফখরুল এ অভিযোগ করেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনার আয়োজন করা হয়।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘অনেক নেতা স্বপ্ন দেখছেন, আওয়ামী লীগের সেই পাতানো নির্বাচনে অংশ নেবেন। অনেকে ভাবছেন, সরকার গঠন করবেন বা গৃহপালিত বিরোধী দল হবেন। জনগণ অতীতেও এসব দেখেছে। মানুষ কখনো এই নির্বাচন মেনে নেবে না।’সরকার ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা ভিন্নদিকে নিচ্ছে বলে অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর জন্য তারেক রহমানকে ওই মামলায় আসামি করা হয়েছে। বিএনপি ক্ষমতায় থাকাকালে ওই ঘটনার সুষ্ঠু তদন্ত করতে চেয়েছিল কিন্তু আওয়ামী লীগ সে সময় তদন্তে সহযোগিতা করেনি।আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান ওমর, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি সোহবার উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।