পাতানো নির্বাচন জনগণ মানবে না: তরিকুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকার পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম। তিনি বলেন, কোনো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না। জনগণ তা মানবে না। আওয়ামী লীগকে এ পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে দলের এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তরিকুল এ আহ্বান জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির সব নেতা-কর্মীর মুক্তি ও ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে আজ মঙ্গলবারের সমাবেশ সফল করতে এ প্রস্তুতি সভা হয়।‘সময়মতো আগামী নির্বাচন হবে। কে আসবে, কে আসবে না, তা ভাবার দরকার নেই’—গত রোববার আওয়ামী লীগের সংসদীয় কমিটির বৈঠকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে তরিকুল বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন সময়মতো আগামী নির্বাচন হবে। আমরা বলব, ক্ষমতায় থাকাবস্থায় সব স্বৈরশাসক এভাবেই বলে। কিন্তু জনগণ অংশ না নিলে, সে নির্বাচন হবে না। আর সে নির্বাচন হতে দেওয়া হবে না।’ বিএনপির সমন্বয়ক প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। আপনাদের ভালো কাজে জনগণ ভোট দিলে আমরা স্বাগত জানাব।’ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।রাষ্ট্রপতির বক্তব্য প্রত্যাখ্যান: সংসদে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ভাষণ প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সরকারের ব্যর্থতা ঢাকার জন্য আওয়ামী লীগ যে বক্তব্য লিখে দিয়েছে, রাষ্ট্রপতি সংসদে গিয়ে তা পড়েছেন। তিনি সব দোষ বিএনপির ঘাড়ে চাপিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন।গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন এ অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, খালেদা জিয়া ও মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচির আয়োজন করে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, কল্যাণ পার্টি ও বাংলাদেশ ন্যাপ।বিচারের নামে নাটক করছে: যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার নাটক মঞ্চস্থ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এ দাবি করেন। তিনি বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে এখন নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমান ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনাল বলা যায় না।বিশ্বজিৎ হত্যাকাণ্ড, পরাগ মণ্ডল অপহরণসহ সরকারের নানা ব্যর্থতাকে আড়াল করার জন্যই যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।