পাতানো নির্বাচনের পরিকল্পনা সফল হবে না: মোশাররফ
‘গৃহপালিত’ বিরোধী দল বানিয়ে আওয়ামী লীগ সরকার পাতানো নির্বাচন দেওয়ার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, অতীতে স্বৈরাচারী এরশাদও একই পরিকল্পনা করেছিলেন। তা সফল হয়নি, এবারও সফল হবে না।গতকাল বুধবার বিএনপির সাবেক মহাসচিব আবদুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ অভিযোগ করেন। আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ রাজধানীর একটি হোটেলে এই আলোচনার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, নির্বাচন অনিশ্চিত হয়ে গেছে। সুষ্ঠু নির্বাচন হলে নিজেদের জামানত থাকবে না বুঝতে পেরে আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে পাতানো নির্বাচন করার পরিকল্পনা করছে। এ পরিকল্পনা ব্যর্থ করতে তিনি আবদুস সালামের মতো সাহস ও দৃঢ়তা নিয়ে অগ্রসর হতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এখন অনেক সত্যি কথা বলতে ভয় লাগে। সরকার বা আওয়ামী লীগ নয়, নিজেদের দলকেই ভয় লাগে।’