পাতায় ছিটালে ইউরিয়া কম লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতে সরাসরি না ছিটিয়ে ধানগাছের পাতায় বিশেষ পদ্ধতিতে ছিটালে ইউরিয়া সার কম লাগে, ধানের উৎপাদনও বাড়ে। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বিষয়টি প্রমাণিত হয়েছে। বিশেষ করে খরা, জলাবদ্ধতার মতো সংকটকালে প্রযুক্তিটি ব্যাপক সফলতা দেবে বলে মনে করছেন গবেষকেরা।

এই প্রযুক্তি উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) রাজশাহী কার্যালয়ের সার ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. আরিফ হোসেন খান। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য ধান উৎপাদনকারী দেশের জন্য একটি মাইলফলক হতে পারে। কারণ, পাতায় ইউরিয়ার দ্রবণ ছিটানোর মাধ্যমে ধান চাষের এমন সাফল্য বাংলাদেশসহ আন্তর্জাতিক পরিসরে নেই। সরকারের সঠিক পৃষ্ঠপোষকতা পেলে ধান চাষে প্রযুক্তিটি একটি মডেল হতে পারে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, আরিফ হোসেন ২০১২ সালের দিকে ‘ধান চাষে ইউরিয়া স্প্রে প্রযুক্তি’ উদ্ভাবন করেন। ওই সময় থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৭৫ জন চাষি ও কর্মকর্তা মাঠপর্যায়ে ৬ হাজার ২০০ বিঘা জমিতে প্রযুক্তিটি ব্যবহার করে সাফল্য পেয়েছেন। এগুলো ছিল তাঁর ব্যক্তিগত পর্যায়ের গবেষণার সাফল্য। তাঁর এই উদ্ভাবন আরও বিশ্বাসযোগ্য করে তোলার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অ্যাগ্রোনমি এবং অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগে প্রযুক্তিটি নিয়ে সম্প্রতি বিজ্ঞানভিত্তিক গবেষণা চালানো হয়। এতে দেখা গেছে, এবারের বোরো মৌসুমে (২০১৬-১৭) এই প্রযুক্তির মাধ্যমে ধান চাষে ৩৫ শতাংশ ও ২৫ শতাংশ ইউরিয়া সার সাশ্রয় করে ধানের ফলন বৃদ্ধি পেয়েছে যথাক্রমে প্রায় ৬ ও ১১ শতাংশ। বিঘাপ্রতি ১০ থেকে ১৪ কেজি ইউরিয়া সাশ্রয় হয়েছে এবং এক থেকে দুই মণেরও বেশি ধান পাওয়া গেছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খামারের গবেষণা মাঠের ৯ শতাংশ জমিতে ব্রি-২৮-এর ওপরে গবেষণাটি পরিচালিত হয়। অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের গবেষণা ফেলো সেরাজাম মনিরার অভিসন্দর্ভ (থিসিস) ছিল এটি। বিভাগের অধ্যাপক মো. আমিনুল হকের তত্ত্বাবধানে তিনি গবেষণা পরিচালনা করেন।

সেরাজাম মনিরা বলেন, মাটি পরীক্ষার মাধ্যমে সম্পাদিত বিজ্ঞানভিত্তিক এই পরীক্ষায় মোট আটটি পরীক্ষণ (ট্রিটমেন্ট) ব্যবহার করা হয়েছে। এর মধ্যে ছয়টি পরীক্ষণে ২০ থেকে ধাপে ধাপে ৩৫ শতাংশ পর্যন্ত ইউরিয়া সার সাশ্রয়ের চেষ্টা করা হয়। সব ট্রিটমেন্টেই সুফল পাওয়া গেছে। ধানের চারা রোপণ করা হয়েছিল ৪৭ দিন বয়সের। প্রতি গোছায় দু-তিনটি চারা রোপণ করা হয়। দূরত্ব রাখা হয় সারি থেকে সারিতে ২০ সেন্টিমিটার এবং চারা থেকে চারায় ২০ সেন্টিমিটার। পরীক্ষার প্লটের আকার ছিল ৫ বর্গমিটার।

পরীক্ষার ফলে প্রমাণিত হয়েছে যে ধানগাছে পাতার মাধ্যমে নাইট্রোজেন সরবরাহ একটি কার্যকর ও বিকল্প পদ্ধতি হতে পারে। তথ্যটি চাষিদের জানিয়ে দিতে পারলে এই পদ্ধতির সুফল পেতে পারেন। যেমন সাময়িক খরা বা জলাবদ্ধতা বা কৃত্রিম ইউরিয়া সারের সংকটের সময় অল্প পরিমাণ ইউরিয়া সার পাতার মাধ্যমে প্রয়োগ করে ভালোভাবে ফসল ফলানো যাবে।

গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক আমিনুল হক বলেন, গবেষণার ফলাফলটি ধান চাষে ইউরিয়া সার ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি আমূল পরিবর্তন আনতে পারে। ‘ফোলিয়ার ফিডিং’ কৌশলটি খরাপ্রবণ বরেন্দ্র এলাকাসহ দেশের সব এলাকার চাষিদের ধান চাষের একটি আদর্শ পদ্ধতি হতে পারে। তিনি আরও বলেন, যেহেতু এই প্রযুক্তির মাধ্যমে মাটিতে ২৫ থেকে ৩৫ শতাংশ ইউরিয়া সার কম ব্যবহার করা যাচ্ছে, সেহেতু প্রযুক্তিটি প্রয়োগে মাটি, পানি ও পরিবেশ অধিক সুরক্ষিত থাকবে।

আরিফ হোসেন বলেন, ধান চাষের জন্য ইউরিয়ার মোট চাহিদার ৫০-৬০ শতাংশ দুবারে মাটিতে দিয়ে প্রথমে ধানগাছের পর্যাপ্ত পাতা তৈরি করতে হবে। পরে অবশিষ্ট ৪০-৫০ শতাংশের মধ্য থেকে নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য মাত্র ১০-২৫ শতাংশ ইউরিয়া পাতায় ছিটিয়ে সাফল্য পাওয়া সম্ভব।