পাত্রদের গ্রামছাড়া করতে রাস্তা কেটে নালা!
মেঠোপথের মতো সরু কাঁচা রাস্তা। যাতায়াতের জন্য গ্রামবাসীর ওই একটিই পথ। প্রাথমিক বিদ্যালয়ে যেতে ওই রাস্তার সঙ্গে সংযোগ রয়েছে আরও একটি রাস্তার। আদিবাসী পাত্র সম্প্রদায়ের সঙ্গে বিরোধের জের ধরে সরকারি এ রাস্তার তিনটি অংশে নালা কেটে দিয়েছে প্রভাবশালী একটি পক্ষ। এ পরিস্থিতিতে পাত্র সম্প্রদায়ের কয়েকটি পরিবারসহ পুরো গ্রামবাসী পড়েছেন যাতায়াতের বিড়ম্বনায়। ঘটনাটি ঘটেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার মালগ্রামে।সরেজমিনে দেখা গেছে, মালগ্রাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার ১০০ গজের মধ্যে তিনটি নালা কাটা। একটি নালা বিদ্যালয়ের মুখে। অপর দুটি গ্রামে যাওয়া-আসার পথে। ফলে যাতায়াতের দুর্ভোগে পড়েছেন পুরো গ্রামবাসী। বিদ্যালয়টি এখন বন্ধ। রাস্তা কাটা থাকালে বিদ্যালয়ে যাতায়াতে খুদে শিক্ষার্থীরা দুর্ভোগে পড়বে।গ্রামে বসবাসকারী পাত্রদের অভিযোগ, রাজেন্দ্র পাত্রের পরিবারের সঙ্গে মালগ্রামের প্রভাবশালী ফতেহপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হাজি মদরিছ আলীর বড় ছেলে মোস্তাক আহমদের বিরোধের শুরু গত ১৫ জুলাই। মোস্তাকের পরিবারের সদস্যরা রাজেন্দ্র পাত্রের বাড়িতে যাতায়াতের রাস্তার মালিকানা দাবি করে বাঁশের বেড়া দেওয়ার চেষ্টা করেন। রাজেন্দ্র পাত্রসহ পাত্র সম্প্রদায়ের সাতটি পরিবারের বাধার কারণে রাস্তায় বেড়া দেওয়া আর হয়নি। ওই ঘটনার জের ধরে ১০ আগস্ট রাজেন্দ্র পাত্রের বাড়িতে মোস্তাক তাঁর স্বজনদের নিয়ে হামলা চালান। এ ঘটনায় রাজেন্দ্র পাত্র ওই দিনই গোয়ানইঘাট থানায় মোস্তাকসহ চারজনের নামে মামলা করেন। এ ঘটনার জের ধরে রাতে রাস্তা কেটে নালা করে দেওয়ার ঘটনা ঘটে। পাত্রদের অভিযোগ, তাঁদের এলাকাছাড়া করতে রাস্তা কাটাসহ মোস্তাকের পরিবার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মামলা করার পরও পুলিশ কাউকে গ্রেপ্তার করছে না। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দীন চৌধুরী বলেন, আদিবাসী পরিবারের ওপর হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে দফায় দফায় অভিযান চালানো হচ্ছে।মোস্তাক আহমদের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও এ প্রসঙ্গে কথা বলা যায়নি। রাস্তা কে বা কারা কেটেছে তা জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে মোস্তাকের এক আত্মীয় দাবি করেন, রাস্তার কাটা অংশের জায়গার মালিকানা মোস্তাকদের পরিবারের।ফতেহপুর ইউপির চেয়ারম্যান নূরুল ইসলাম জানান, এ বিরোধ নিয়ে একাধিকবার বৈঠক করেও মোস্তাকের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন পরিষদের সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক গৌরাঙ্গ পাত্র বলেন, ‘বাংলাদেশে শুধু সিলেট অঞ্চলেই আদিবাসী পাত্রদের বসবাস। মালগ্রামে পাত্রদের সাতটি পরিবার রয়েছে। রাজেন্দ্র পাত্রের ঘটনা মূলত পাত্রদের এলাকাছাড়া করতে প্রভাবশালীদের একটি তত্পরতা।’