পাত্রের বয়স ৫০ পাত্রীর ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েটি (১৩) সবে ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। সন্তান প্রসব করতে গিয়ে মাসখানেক আগে তাঁর বড় বোনের মৃত্যু হয়েছে। এখন ওই বোনের স্বামী তাঁকে বিয়ে করতে চান। মেয়েটি না চাইলেও তাঁর অভিভাবকেরা বিয়ে দিতে চান। ঘটনাটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের।স্থানীয়রা জানায়, প্রায় এক মাস আগে একই গ্রামে বিয়ে হওয়া তাঁর বড় বোন (৩০) সপ্তম সন্তান প্রসব করতে গিয়ে প্রচণ্ড রক্তক্ষরণে মারা যান। সম্প্রতি ওই বোনের স্বামী মিজান মিয়া (৫০) শ্যালিকাকে বিয়ে করতে শ্বশুর-শাশুড়ির কাছে প্রস্তাব দেন। তাঁরা রাজিও হয়ে যান। গত বুধবার রাতে বিয়ের দিনক্ষণ ঠিক ছিল।নাম প্রকাশ না করার শর্তে গ্রামের কয়েকজন যুবক জানান, বাল্যবিয়ের খবর পেয়ে তাঁরা মেয়েটির সঙ্গে কথা বলেন। মেয়েটি তাঁদের কেঁদে কেঁদে জানায়, সে লেখাপড়া করে বড় হতে চায়। বিয়ে বন্ধের ব্যবস্থা, মা-বাবাকে বোঝাতে, তাদের অনুরোধ করে। কিন্তু মেয়েটির মা-বাবা বিয়ের বিষয়ে তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে তাঁরা পুলিশকে বিষয়টি অবহিত করেন।বর মিজান মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় ইউপি চেয়ারম্যান মুসলেহউদ্দিন বলেন, তিনি মেয়েটির বাবা-মাকে বিয়ে বন্ধ রাখতে বলেছেন। জুড়ী থানার নারীবান্ধব কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিয়ের আয়োজন করা হলে দ্রুত পুলিশকে জানাতে বলা হয়েছে।