পাথর আমদানি নয় দিন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মিত শুল্ক বৃদ্ধির জেরে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি নয় দিন ধরে বন্ধ রয়েছে। এ কারণে স্থবির হয়ে পড়েছে এই বন্দরের কার্যক্রম। এ বন্দর দিয়ে মূলত ভারত থেকে পাথর আমদানি করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, ভারতে পাথরের দাম বেশি। বাংলাদেশে শুল্ক বেশি। এই অবস্থায় পাথর আমদানি করলে লোকসানের মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ীরা। এ কারণে ১ জুন থেকে তাঁরা পাথর আমদানি বন্ধ রেখেছেন।
বন্দর সূত্রে জানা গেছে, চলতি জুন মাসের আগে প্রতি ৫০০ টন পাথর আমদানি করতে সরকারকে নিয়মিত শুল্ক দিতে হতো ১ লাখ ৮০ হাজার ৬৬০ টাকা। কিন্তু ১ জুন থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ৯৩১ টাকা। প্রতি টনে নিয়মিত শুল্ক বেড়েছে ৫৩ টাকা। এ জন্য ব্যবসায়ীরা পাথর আমদানি বন্ধ করেছেন। গত অর্থবছরে ১৫ জুলাই থেকে জুন পর্যন্ত এই বন্দর দিয়ে ৯ লাখ ৪ হাজার মেট্রিক টন পাথর আমদানি করা হয়। চলতি বছরের জুলাই থেকে মে পর্যন্ত পাথর আমদানি হয়েছে ৫ লাখ ১৫ হাজার মেট্রিক টন।
অন্যদিকে দীর্ঘদিন থেকে ভারতে পাথরের মূল্য কমানোর দাবি জানিয়ে আসছিলেন বাংলাদেশি আমদানিকারকেরা। সম্প্রতি এ নিয়ে সভাও করেছে ভারতের নর্থবেঙ্গল এক্সপোর্ট ইমপোর্ট অ্যাসোসিয়েশন। বাংলাদেশি আমদানিকারকেরা পাথর আমদানি বন্ধ করার ফলে ভারতের পাথর ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন। এদিকে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় স্থলবন্দরের তিন শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
আমদানিকারক প্রতিষ্ঠান অপু অ্যান্ড আঁখি ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাফ্ফর আহমেদ বলেন, ‘ভারতে পাথরের মূল্য বেশি। এদিকে বাংলাদেশে পাথর আমদানিতে প্রতি টনে ৫৩ টাকা নিয়মিত শুল্ক আরোপ করেছে সরকার। এ অবস্থায় পাথর আমদানি করলে আমাদের লোকসান হবে। তাই আপাতত পাথর আমদানি করছি না।’
সি অ্যান্ড এফ এজেন্ট সাইদুর রহমান বলেন, ‘আমদানিকারকেরা বর্তমানে পাথর আমদানি করছেন না। ফলে স্থলবন্দরটি একটু স্থবির হয়ে পড়েছে। আশা করছি, সরকার সমস্যাটি দ্রুত সমাধানের উদ্যোগ নেবে।’
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বলেন, ‘আমদানিকারকেরা লোকসান করে পাথর আমদানি করবে না, এটাই স্বাভাবিক। আমরা ভারতের ব্যবসায়ীদের পাথরের দাম কমানোর অনুরোধ জানিয়েছি। বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পাথর আমদানি করে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করে। সরকারও এ ব্যাপারে উদ্যোগ নেবে বলে আশা করি।’
বাংলাবান্ধা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা সুনন্দন দাস বলেন, বিভিন্ন পণ্যের মধ্যে এই বন্দর দিয়ে পাথরই সবচেয়ে বেশি আমদানি হয়। কয়েক দিন ধরে পাথর আমদানি বন্ধ রাখায় বন্দরে একটু প্রভাব পড়েছে।