পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ২২ জুন থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে। ফলে পাথর আমদানিনির্ভর এ বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এ কারণে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার।
ব্যবসায়ীরা বলছেন, ভারত সরকার সে দেশে পাথরের ওপর নতুন করে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) আরোপ করেছে। এ কারণে দেশটির রপ্তানিকারকেরা পাথর রপ্তানি বন্ধ রেখেছেন। এতে ব্যবসায়ীরা যেমন লোকসানের মুখে পড়েছেন, তেমনি বন্দরের কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েছেন।
জেলা আমদানি-রপ্তানিকারক সমিতি সূত্রে জানা গেছে, ভারত সরকার পাথরের ওপর ৫ শতাংশ হারে জিএসটি কর আরোপ করেছে। ফলে পাথরের দাম বেড়ে যাবে। এ কারণে এ দেশের ব্যবসায়ীদের প্রতি হাজার টন পাথর আমদানিতে অতিরিক্ত ৩২ হাজার টাকা মূল্য পরিশোধ করতে হবে। এর আগে প্রতি হাজার টনে ৪ লাখ ১৫ হাজার টাকার ঋণপত্র (এলসি) করতে হতো।
আমদানিকারক প্রতিষ্ঠান অপু অ্যান্ড আঁখি ট্রেডার্সের মালিক মোজাফফর আহমেদ বলেন, ভারতে পাথরের মূল্য এমনিতেই বেশি। এর ওপর নতুন করে ভারত সরকার করারোপ করার কারণে পাথর ব্যবসা এখন হুমকির মুখে পড়েছে।
বন্দর সূত্রে জানা যায়, বন্দরে মালামাল ওঠানো-নামানোর (লোডিং আনলোডিং) কাজে পাঁচ শতাধিক শ্রমিক নিয়োজিত রয়েছেন। পাথর আমদানি বন্ধের কারণে তাঁরা এখন অলস সময় পার করছেন। অন্যদিকে পাথর ভাঙার কলে কাজ করেন কয়েক হাজার শ্রমিক। পর্যাপ্ত পাথর না পাওয়ার কারণে এ কলগুলোও বন্ধ রয়েছে। ফলে এ শ্রমিকেরাও বেকার হয়ে পড়েছেন। লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
স্থলবন্দরের শ্রমিকনেতা ইদ্রিস আলী বলেন, এলাকার কয়েক হাজার শ্রমিক এ বন্দরের ওপর নির্ভরশীল। তাঁরা এখন কর্মহীন হয়ে পড়েছেন। প্রচণ্ড অভাব-অনটনে দিন যাপন করছেন তাঁরা।
বন্দরসূত্রে জানা গেছে, ২০১৬ সালের জুলাই থেকে ২০১৭ সালের মে পর্যন্ত বন্দরটি দিয়ে ৫ লাখ ১৫ হাজার টন পাথর আমদানি হয়েছে। প্রতি ৫০০ টন পাথর আমদানির বিপরীতে ২ লাখ ৫ হাজার ৯৩১ টাকা নিয়মিত শুল্ক আদায় করে সরকার।
স্থলবন্দরটির রাজস্ব কর্মকর্তা সুনন্দন দাস গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, এ বন্দর দিয়ে পাথরই সবচেয়ে বেশি আমদানি হয়। গত ২২ জুন থেকে পাথর আমদানি বন্ধ থাকায় এ খাতে রাজস্ব আদায় হচ্ছে না।