জামালপুরের বকশীগঞ্জের কামালপুর স্থলবন্দর দিয়ে ছয় মাস ধরে পাথর আমদানি বন্ধ রয়েছে। বন্দরের পাথর ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ সমস্যা দেখা দিয়েছে। এতে স্থলবন্দরের প্রায় পাঁচ হাজার নারী ও পুরুষ শ্রমিক বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে পাথর আমদানি বন্ধ থাকায় সরকার ছয় মাসে প্রায় তিন কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।
কামালপুর স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, স্বাভাবিক অবস্থায় পাথর আমদানি খাত থেকে স্থলবন্দর কর্তৃপক্ষ বছরে পাঁচ-ছয় কোটি টাকার রাজস্ব আদায় করে। এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে কমপক্ষে ৮০ থেকে ১০০টি ট্রাক ও গাড়ি পাথর নিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
স্থানীয় কয়েকজন পাথর ব্যবসায়ী বলেন, নেতৃত্ব নিয়ে ছয়-সাত মাস ধরে স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির নেতাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। তাঁদের দ্বন্দ্বের সমাধান না হওয়ার কারণেই স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছে না স্থলবন্দরটি। কয়েক দফায় আলোচনায় বসেও স্থানীয় প্রশাসন এই সমস্যার সমাধান করতে পারেনি।
স্থলবন্দরের শ্রমিক ইসমাইল হোসেন বলেন, ছয় মাস আগেও স্থলবন্দরে প্রায় পাঁচ হাজার শ্রমিক পাথর ভাঙার কাজ করতেন। নেতাদের মধ্যে দ্বন্দ্বের কারণে পাথর আমদানি বন্ধ থাকায় ওই শ্রমিকেরা এখন বেকার হয়ে পড়েছেন। কোনো কাজকর্ম না থাকায় তাঁরা এখন মানেবতর জীবন যাপন করছেন। তাঁদের মধ্যে অনেকেই কাজ না থাকায় ঢাকায় গিয়ে চাকরি করছেন।
স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির নেতা আবদুল্লাহ আল মোকাদ্দেছ বলেন,‘সমস্যা সমাধানে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দরকার। দীর্ঘদিন ধরে স্থলবন্দরটি বন্ধ থাকায় ব্যবসায়ীরা বসে বসে ব্যাংকঋণের সুদ দিয়ে যাচ্ছেন। এ ছাড়া স্থলবন্দরে কর্মরত শ্রমিকেরাও বেকার হয়ে পড়েছেন। এতে সব পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ ব্যাপারে স্থানীয় ধানুয়াকামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাথর ব্যবসায়ী মোস্তফা কামাল বলেন, পাথর আমদানির কার্যক্রম আবার শুরু করতে ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। সমস্যার সমাধান করে দ্রুতই পাথর আমদানি শুরু করা হবে।
কামালপুর স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থলবন্দরের নেতাদের মধ্যে চলা দ্বন্দ্ব নিরসন করতে স্থানীয় প্রশাসনকে নিয়ে দফায় দফায় আলোচনা চলছে। সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, পাথর আমদানি বন্ধ থাকায় গত ছয় মাসে প্রায় তিন কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।