পাথর উত্তোলনে ‘বোমা মেশিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের ভারত সীমান্তবর্তী উপজেলা পাটগ্রামে অবৈধভাবে ‘বোমা মেশিন’ দিয়ে অবাধে পাথর উত্তোলন করা হচ্ছে। বছরের পর বছর ধরে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন নদী ও কৃষিজমির ৫০ থেকে ২০০ ফুট গভীর থেকে এই মেশিন দিয়ে পাথর উত্তোলন করছেন। মাটি বা নদীর গভীর থেকে বিশেষ যন্ত্র দিয়ে পাথর উত্তোলণের সময়ব্যপক শব্দ হয়বলেস্থানীয়ভাবে একে ‘বোমা’ মেশিন বলা হয়।পাথরের সঙ্গে উঠে আসা বালুর কারণে নদীর পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। সেই সঙ্গে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য। এতে ভূমিধস ও কৃষিজমির স্থায়ী ক্ষতির আশঙ্কা রয়েছে। এ কারণে সরকার যেকোনো ধরনের যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে।স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বোমা মেশিনের শব্দে তাঁদের বাড়িতে বসবাস করা দায় হয়ে পড়েছে। এ ছাড়া দৈনন্দিন জীবনাচরণে নানা সমস্যা দেখা দিয়েছে। এ নিয়ে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করেও কাজ হয়নি। প্রশাসনকে ম্যানেজ করে ক্ষমতাসীন দলের লোকজন অবৈধভাবে পাথর উত্তোলন করে আসছে। মাঝেমধ্যে লোকদেখানো অভিযানের মধ্যে দিয়ে প্রশাসন তার দায় সারছে।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ৯ নভেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে লালমনিরহাটে পাঠানো চিঠিতে বলা হয়, উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা রক্ষার স্বার্থে পাথর উত্তোলন অব্যাহত থাকবে। কিন্তু পাথর উত্তোলনে যান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা যাবে না। অযান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন করতে হবে। ওই বছরের নভেম্বরে ভূমি মন্ত্রণালয় অন্য একটি প্রজ্ঞাপনে নদী থেকে যন্ত্র দিয়ে পাথর উত্তোলন নিষিদ্ধ করে। কিন্তু পাটগ্রামে এ নিয়ম মানছে না কেউ।সরেজমিনে দেখা গেছে, ধরলা, সিঙ্গিমারী ও তিস্তা নদীর গভীরে বসানো হয়েছে সারি সারি মোটা পাইপ। প্রতিটি পাইপের ওপর বসানো হয়েছে ‘বোমা মেশিন’। মেশিনের মুখ বেয়ে পানি ও বালু পড়ছে লোহার জালের ওপর। পরে সেখান থেকে পাথর সরিয়ে নেওয়া হচ্ছে এবং বালুগুলো নদীতে চলে যাচ্ছে।একইভাবে উপজেলার প্রায় সব ইউপির কৃষিজমিতেও বোমা মেশিন ব্যবহার করে পাথর উত্তোলন করা হচ্ছে। পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক ও রেললাইনের দুই পাশ, ধরলা সেতু ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধ এলাকায়ও একই পদ্ধতিতে পাথর উত্তোলন করা হচ্ছে।পাথর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পাটগ্রামে অন্তত ৬০০ মেশিনে পাথর উত্তোলন করা হচ্ছে। এসব মেশিনে প্রতিদিন চার লাখ ২০ হাজার ঘনফুট পাথর উত্তোলন করা হচ্ছে। মাঝিপাড়া এলাকার বাসিন্দা মনছুর আলীসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, তাঁদের এলাকায় একসঙ্গে ৩৫টি বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হচ্ছে। মেশিনের শব্দে রাতে ঘুম হয় না। কাউয়ামরী এলাকার বাসিন্দা আনোয়ার জানান, প্রতিদিন পাথর বহনকারী কয়েক শ ট্রাক্টর চলাচল করায় এলাকার রাস্তাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব রাস্তা দিয়ে এখন চলতে গিয়ে দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে।বোমা মেশিন দিয়ে অবাধে পাথর উত্তোলনের কথা স্বীকার করে লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার জানান, বোমা মেশিন বন্ধের অভিযান অব্যাহত রয়েছে। কিন্তু বিশাল বাহিনী ছাড়া পাটগ্রামের পাথর উত্তোলন বন্ধ করা সম্ভব নয়। এটি বন্ধ করতে স্থায়ীভাবে পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রয়োজন বলে জানান তিনি। এভাবে পাথর উত্তোলন বন্ধ না করার জন্য রাজনৈতিক চাপ থাকার কথা স্বীকার করেন তিনি। প্রশাসনকে ম্যানেজ করে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের অভিযোগ তিনি অস্বীকার করেন।এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক সাইফুল্লাহ তালুকদার জানান, পাটগ্রামে বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের অভিযোগ এখনো তাঁরা পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।[আগামীকাল পড়ুন: দুর্ঘটনা ও সিলিকোসিস রোগে ঘটছে প্রাণহানি]