পাথর ও বালু সরবরাহ শুরু করেছেন ঠিকাদারেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ার শিকলবাহা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে আবারও পাথর ও বালু সরবরাহ শুরু করেছেন ঠিকাদারেরা। প্রশাসনের আশ্বাসে ১৯ মে থেকে তাঁরা পণ্য সরবরাহ করেছেন।
প্রতিমন্ত্রী ও সাংসদের অনুসারী নেতা-কর্মীদের দ্বন্দ্বের কারণে গত ৩ মে থেকে বিদ্যুৎকেন্দ্রে পাথর ও বালু সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ কার্যত বন্ধ ছিল।
পুলিশ সূত্র জানায়, শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজের পাথর ও বালু সরবরাহ নিয়ে গত ৩ মে প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর অনুসারীদের সঙ্গে পটিয়ার সাংসদ শামসুল হক চৌধুরীর ছোট ভাই মুজিবুল হক চৌধুরীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ঘটনায় লাঞ্ছিত হন সাংসদদের ভাই।
এ নিয়ে গত ১৭ মে প্রথম আলোতে ‘শিকলবাহায় আলো জ্বালাতে বাধা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।।
প্রকল্পের দায়িত্বরত কর্মকর্তা জানান, গত ১৮ মে চট্টগ্রাম জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শন করেন।
বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প উপপরিচালক মো. শামসুদ্দিন বলেন, প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে ১৯ মে থেকে সব ধরনের কাঁচামাল আসায় পুনরায় বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয়েছে।