পাথর ও বিটুমিন কম ব্যবহারের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কার্পেটিংয়ের কাজে যন্ত্র দিয়ে বিটুমিন দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। ফেলা হচ্ছে হাতে করে। মজমপুর এলাকা থেকে ৪ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো
কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কার্পেটিংয়ের কাজে যন্ত্র দিয়ে বিটুমিন দেওয়ার কথা থাকলেও তা করা হচ্ছে না। ফেলা হচ্ছে হাতে করে। মজমপুর এলাকা থেকে ৪ এপ্রিল তোলা ছবি l প্রথম আলো

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কার্পেটিংয়ের কাজে পাথর ও বিটুমিন কম ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এতে কয়েক মাসের মধ্যে কার্পেটিং নষ্ট হয়ে যেতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।
কুষ্টিয়া সড়ক ও জনপথ (সওজ) কার্যালয় সূত্র জানায়, কুষ্টিয়া শহরের মজমপুর রেলগেট থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় পর্যন্ত মহাসড়কের প্রায় ২৪ কিলোমিটার অংশে বড় ও ছোট—দুই ধরনের পাথর দিয়ে কার্পেটিংয়ের কাজের জন্য গত বছর দরপত্র আহ্বান করা হয়। এ কাজের ব্যয় ধরা হয় প্রায় সাত কোটি আট লাখ টাকা। কার্যাদেশ পায় সিলেটের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল এন্টারপ্রাইজ। গত ৩ মার্চ কাজ শুরু হয়। ২১ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা।
প্রতি বর্গমিটারে ২০ থেকে ৩০ কেজি ২০ মিলিমিটার আয়তনের পাথর এবং তার ওপরে ১০ মিলিমিটারের ৭ থেকে ১০ কেজি পাথর দিয়ে কার্পেটিং করার কথা। এ কাজে বড় পাথর বিটুমিনের সঙ্গে মিশিয়ে রোলার করতে হয়। তার ওপর একইভাবে ছোট পাথর দিয়ে রোলার করতে হয়।
সরেজমিনে দেখা গেছে, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মজমপুর থেকে বিত্তিপাড়া পর্যন্ত অর্ধেক কাজ হয়েছে। প্রয়োজনীয় বিটুমিন না দিয়েই কার্পেটিংয়ের কাজ করা হচ্ছে।
দরপত্র অনুযায়ী পাথর ব্যবহার করা হচ্ছে কি না, তা নিশ্চিত হতে এই প্রতিবেদক একজন প্রকৌশলী এবং সড়কের কাজ করেন এমন দুজন ঠিকাদারকে সঙ্গে নিয়ে যান। তাঁরা কাজ দেখে নাম প্রকাশ না করার শর্তে জানান, বড় পাথর ব্যবহার করা হচ্ছে ১৬ মিলিমিটারের এবং প্রতি বর্গমিটারে ১৬ থেকে ১৭ কেজি ব্যবহার করা হচ্ছে। ছোট পাথর ছয় মিলিমিটারের। এগুলো বর্গমিটারে ছয় থেকে সাত কেজি ব্যবহার করা হচ্ছে।
মহাসড়কের পাশের কয়েকজন বাসিন্দা জানান, বড় পাথর ফেলার পরপরই যানবাহনের চলাচলে তা উঠে যাচ্ছে। ছোট পাথরগুলোও ছড়িয়ে-ছিটিয়ে পড়ছে। তা ছাড়া তড়িঘড়ি করে কাজ করা হচ্ছে। এতে কাজের মান খারাপ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
রফিকুল ইসলাম নামের স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেন, সওজ কর্মকর্তাদের যোগসাজশে ঠিকাদারের লোকজন কোনোরকমে কাজ করছেন। কয়েক মাসের মধ্যে সড়কের পাথর উঠে যেতে পারে। গত রবি ও সোমবারের ঝড়-বৃষ্টিতে অনেক জায়গায় কার্পেটিংয়ের পাথর ফাঁকা হয়ে গেছে। দুজন ট্রাকচালক বলেন, যেভাবে কাজ হচ্ছে তাতে দুই থেকে তিন মাসের মধ্যে সড়কের পাথর উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবাল এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক কামরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বাংলাদেশের কোনো কাজই শিডিউল অনুযায়ী হয় না। একটু ১৯-২০ হয়।
কিন্তু নিম্নমানের কাজের কথা মানতে নারাজ কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হায়দার। তাঁর দাবি, কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে কার্পেটিংয়ের সবচেয়ে ভালো কাজ হচ্ছে। কাজে কোনো অনিয়ম হচ্ছে না। ঠিকাদারের যন্ত্রপাতি পর্যাপ্ত থাকায় কাজ দ্রুত হয়ে যাচ্ছে।