পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে মহাসড়ক পাঁচ ঘণ্টা অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জাফলং কোয়ারিতে পাথর তোলা বন্ধ রাখার প্রতিবাদে সিলেট-জাফলং মহাসড়কের জাফলং থেকে নলজুরি পর্যন্ত চার কিলোমিটার রাস্তা অবরোধ করে রাখেন শ্রমিকেরা। গতকাল রোববার সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। বেলা দুইটায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও গোয়াইনঘাট থানার ওসি সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন। পাথরশ্রমিক ও ব্যবসায়ীরা জানান, কোয়ারি বন্ধ থাকার কারণে শ্রমিকেরা গত মঙ্গলবার থেকে কর্মহীন রয়েছেন। এতে শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা সবাই পরিবেশ বিনষ্টকারী বোমা মেশিন দিয়ে পাথর উত্তোলনের বিরুদ্ধে। তবে বালু সরানো যন্ত্র ব্যবহার করতে না দিলে শ্রমিকেরা কীভাবে পাথর তুলবে?’থানার ওসি শফিকুর রহমান খান বলেন, ‘পুলিশ নিয়ে আমি ঘটনাস্থলেই আছি। তবে আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কংকন চাকমা জানান, সনাতন পদ্ধতিতে (মেশিন ব্যবহার না করে) পাথর তোলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। কোয়ারিতে কোনো যন্ত্র দিয়ে পাথর তোলা হচ্ছে কি না, তার জন্য টাস্কফোর্সের অভিযান চালানো হয়েছে।