পাথর কোয়ারিতে যন্ত্র বন্ধ ও কায়িক শ্রমের নতুন মজুরি ঘোষণার দাবি
সিলেটের পাথর কোয়ারিগুলোতে অবৈধ যন্ত্র বন্ধ করে কায়িক শ্রমের নতুন মজুরি ঘোষণার দাবি জানিয়েছে ‘বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়ন’। গতকাল রোববার বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরের রাজবাড়ী বটতলায় সমাবেশে এ দাবি জানানো হয়।
শ্রীপুর ও জাফলং পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলনে অবৈধ যন্ত্র স্থায়ীভাবে বন্ধের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
সিলেটের পাথর কোয়ারিগুলোতে অবৈধ যন্ত্র দিয়ে পাথর উত্তোলন ও পরিবহন করায় পাথর উত্তোলন কাজে নিয়োজিত শ্রমজীবীরা যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। এতে করে কায়িক শ্রমের বাজারে মন্দা পরিস্থিতি বিরাজ করছে। প্রায় ছয় মাস ধরে পাথর কোয়ারিতে অবৈধ বোমামেশিনসহ বিভিন্ন যন্ত্র পরিচালনা প্রশাসন নিষিদ্ধ করায় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ সৃষ্টি হয়। এতে করে পাথর উত্তোলনে বারকি নৌকা শ্রমিক, পরিবহনে বেলচা শ্রমিকসহ বিভিন্ন ক্ষেত্রে কায়িক শ্রমিকদের কাজের প্রসার ঘটে। এ অবস্থায় নতুন মজুরি নির্ধারণ করার দাবিতে সহস্রাধিক পাথর ও বারকি শ্রমিক একাত্ম হয়ে ট্রেড ইউনিয়নের ব্যানারে গতকাল সমাবেশ করেন।
বৃহত্তর জৈন্তা পাথর শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুর এলাহীর সভাপতিত্বে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি এজাজুল হক, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মুক্তিযোদ্ধা আফতাব আলী প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে বক্তারা কায়িক শ্রমের সঙ্গে বর্তমান আর্থিক সংগতির বিষয়টি বিবেচনা করে নতুন মজুরি ঘোষণা ও সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে বাধা সৃষ্টিকারী যন্ত্রদানব ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রশাসনকে সব সময় সতর্ক থাকার আহ্বান জানান।