পাথর কোয়ারির গর্ত ধসে নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত এক পাথরশ্রমিক। ছবি: প্রথম আলো
কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত এক পাথরশ্রমিক। ছবি: প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর কোয়ারি থেকে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে পৌঁছেছে। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদের পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

আমজাদের সঙ্গে এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। তাঁর দুজন আত্মীয় গর্তের মালিকানার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তাঁরা জানান, পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের ওই জায়গার মালিকানা সূত্রে আমজাদ পাথর উত্তোলন করছিলেন।

গর্ত থেকে রাত একটার সময় নিহত দুজন ও আহত তিনজনকে উদ্ধার করা হয়। আরও দুই শ্রমিকের কোনো খোঁজ না পাওয়ায় আজ সোমবার সকাল থেকে তাঁদের সন্ধান চলে। বেলা দুইটার দিকে গর্ত থেকে তাঁদেরও লাশ উদ্ধার করা হয়। পরে আরেকজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুর রহমান খান জানান, গর্ত থেকে উদ্ধার করা দুজনের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন সুনামগঞ্জের মুরাদপুরের রুহুল আমিন (২২), একই এলাকার মতিউর রহমান (৩২), দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ছলেরবন্দ গ্রামের আশিক মিয়া (৩৮), জামালগঞ্জের কলকলতা গ্রামের আতিকুর রহমান (৪৫) ও মইনুদ্দিন (৩৮)। আহত রুহেল (১৮), রফিকুল (১৬) ও ফিরোজ আলীকে (৪৫) কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিলীপ নাথ জানান, দুজনের লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহত ব্যক্তিদের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিদের বরাত দিয়ে পুলিশ জানায়, পাথর কোয়ারি এলাকায় গর্ত খুঁড়ে পাথর উত্তোলন নিষিদ্ধ। তাই রাতে গোপনে জেনারেটরের মাধ্যমে আলো জ্বেলে উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারির হাজিরডেগনা এলাকায় গর্ত করে পাথর তোলা হচ্ছিল। ২০ থেকে ৩০ ফুট গভীর গর্তের পর একপর্যায়ে গর্তের তীর ধসে চাপা পড়েন পাথরশ্রমিকেরা।

আজ সকালে কোম্পানীগঞ্জের ইউএনও মুহাম্মদ আবুল লাইছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গর্ত করে ঝুঁকিপূর্ণভাবে পাথর উত্তোলন অবৈধ। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।