পাথর কোয়ারির মাটি ধসে তিন শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে গতকাল বুধবার পাথর কোয়ারির পাড়ের মাটি ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন চারজন। নিহত ব্যক্তিরা হলেন রাবন দাস (৩৫), নিখিল দাস (৪০) ও ভুলু দাস (৪০)। আহত ব্যক্তিরা হলেন রঞ্জিত দাস, রাজন দাস, মিহির দাস ও বকুল দাস। হতাহতদের সবার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রত্নারচর গ্রামে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা পৌনে দুটার দিকে জাফলংয়ের পিয়াইন নদের মন্দিরসংলগ্ন জুমপার পাথর কোয়ারিতে পাথর উত্তোলনকালে কোয়ারির পাড় ধসে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই ওই তিনজন মারা যান। আহত চারজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, জুমপার পাথর কোয়ারির মালিক সুমন মিয়া ও আবদুল হামিদ। ঘটনার পর এ বিষয়ে জানতে তাঁদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তাঁরা ধরেননি। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান খান জানান, ঘটনার পরপরই উপপরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম ও ইউনুস মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের লাশ উদ্ধার করে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই তাঁদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। সিলেটের পাথর কোয়ারিগুলোতে প্রায়ই দুর্ঘটনায় শ্রমিকের প্রাণহানি ঘটে। গত মাসে জেলার কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে তিন শ্রমিক ও জাফলংয়ে এক শিশুশ্রমিক নিহত হয়। ওই ঘটনার পর নিহত ব্যক্তিদের পরিবার মালিকদের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য পায়নি।