
চট্টগ্রামে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে চলন্ত ট্রেনের যাত্রী প্রকৌশলী প্রীতি দাশের (২৪) নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। ওই ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।গতকাল সোমবার রেলওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রোববার রাতে পাথর ছোড়ার ঘটনায় জড়িত থাকতে পারেন সন্দেহে মো. রুবেল (২০) নামের একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। থানায় মামলা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই প্রীতি দাশের মরদেহ হস্তান্তর করা হয়েছে।রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন জানান, ওই ঘটনার তদন্তে বাংলাদেশ রেলওয়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় চলন্ত ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে গত শনিবার প্রীতি দাশ নামের এক নারী প্রকৌশলী নিহত হন। প্রীতি তাঁর স্বামীসহ ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। শনিবার রাত ১১টা ২০ মিনিটে তূর্ণা নিশীথা ট্রেনে এ ঘটনা ঘটে।