পাথর ছুড়ে তরুণকে হত্যা করল বিএসএফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার পাথরের ঢিল ছুড়ে মিজানুর রহমান (২৮) নামের এক বাংলাদেশি তরুণকে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তের বামনদল এলাকার ফজলুল হকের ছেলে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানান, বামনদল সীমান্তের ৮৩৭ নম্বর মেইন পিলারের ৮ নম্বর সাব-পিলারের কাছে গতকাল বৃহস্পতিবার ভোরে ভারত থেকে সানিয়াজান নদীপথে গরু আনতে যান একদল গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের বিএস বাড়ি ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ঢিল ছোড়ে। এতে মিজানুর রহমান ঘটনাস্থলে নিহত ও জহির উদ্দিন আহত হন। বিএসএফ মিজানুরের লাশ স্থানীয় সানিয়াজান নদীতে ফেলে দেয়। জহির উদ্দিন পালিয়ে আসেন। পরে বিজিবির সদস্যরা নদী থেকে নিহতের লাশ উদ্ধার করে পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে। পাটগ্রাম থানার ওসি মুরশিদুল করিম ইসতেশাম জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিজিবির লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রুহুল আমিন বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফের কাছে পত্র দেওয়া হয়েছে।