পাথর তুলছেই, ভূমিধসের আশঙ্কা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর এলাকায় ডাহুক নদের তীরের খাসজমি থেকে পাথর তোলার মহোৎসব চলছে। এ জন্য জমিতে ৩০-৪০ ফুট গভীর গর্ত করা হয়েছে। প্রশাসনের তদারকি না থাকায় রওশনপুরের মতো পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি ও নদীর তীরের জমি থেকে অহরহ পাথর তোলা হচ্ছে। এতে এ জেলায় কমে যাচ্ছে ফসলি জমি। পাথর তোলা অব্যাহত থাকলে ভূমিধস ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে বলে পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।এলাকাবাসী অভিযোগ করেন, তেঁতুলিয়ার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদীঘি গ্রামের বাসিন্দা শেখ কামাল উপজেলার শালবাহান ইউনিয়নের রওশনপুর মৌজার এক একর খাসজমি থেকে পাথর উত্তোলন করছেন। এ জমির পাশে তাঁর নিজের জমি থেকেও তুলছেন পাথর। ওই খাসজমি নিজের দাবি করে সেখান থেকে কয়েক লাখ টাকার পাথর তুলে নিয়েছেন তিনি। এখনো পাথর তোলা অব্যাহত রয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (ভূমি) মো. নজরুল ইসলাম বলেন, কৃষি জমি থেকে পাথর তোলা বন্ধের কোনো নীতিমালা নেই। পাথরমহালের নীতিমালা চূড়ান্ত না হওয়ায় বর্তমানে ইজারা বন্ধ রয়েছে। তবে ২১টি পাথরমহালে মাসিক ভিত্তিতে ইজারা দেওয়া হচ্ছে। ভূমিহীনদের মাঝে খাসজমি বরাদ্দ দেওয়া হয়। তবে শর্ত থাকে, ১০০ বছরের মধ্যে তাঁরা হস্তান্তর ও গঠন পরিবর্তন এবং জমির নিচ থেকে পাথর বা খনিজ সম্পদ তুলতে পারবেন না। এসব শর্তের একটি লঙ্ঘন করলে বরাদ্দ বাতিল করা হয়।গত ১৯ মার্চ রওশনপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, পাথর তোলার কাজ করছেন প্রায় ৪০০ জন শ্রমিক। পাশের বিভিন্ন গ্রাম থেকে তাঁরা দল বেঁধে এসে এখানে কাজ করছেন।পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষক তৌহিদুল বারী বলেন, পাথর তোলায় বদলে যাচ্ছে ভূমির গঠন ও প্রকৃতি। এতে ভূমিধসসহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে।শেখ কামাল খাসজমি থেকে পাথর উত্তোলনের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নিজের জমি থেকে পাথর তুলছি। নদীর পাশে খাসজমি থেকে কে পাথার তুলছে, তা আমি জানি না।’উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল ইসলাম জানান, তিনি খাসজমি থেকে পাথর তোলার বিষয়টি খতিয়ে দেখবেন এবং ঘটনার সত্যতা পেলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।পরিবেশ অধিদপ্তরের বগুড়া বিভাগীয় পরিচালক মো. নাজমূল হক বলেন, ‘মাটির নিচ থেকে বালু বা পাথর উত্তোলনের জন্য জেলা প্রশাসকের অনুমতি নিতে হয়। জেলা প্রশাসকের অনুমতির পরও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হয়। এ ক্ষেত্রে জেলা প্রশাসনের কাছ থেকে কেউ অনুমতি নিয়ে থাকলে তা আমরা জানি না, তবে আমাদের কাছে কেউ আসেনি। আশা করছি শিগগিরই পরিবেশ আদালতের কার্যক্রম শুরু হবে।’