পাথর তুলতে গিয়ে ফের গর্ত ধসে শ্রমিক নিহত
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করতে গিয়ে ফের গর্ত ধসের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই ধসে এক পাথরশ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত শ্রমিকের নাম ইয়াকুব আলী (২২)। তাঁর বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পূর্ব নারায়ণপুর গ্রামে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল লায়েস গর্ত ধসে শ্রমিকের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। রাত নয়টার দিকে যোগাযোগ করলে তিনি জানান, খবর পেয়ে তিনি পুলিশকে নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি এ টিলায় গর্ত ধসে পাঁচজন শ্রমিক নিহত ও তিনজন আহত হন। অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে শ্রমিক হতাহতের ওই ঘটনায় নির্বাহী হাকিমের নেতৃত্বে পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছিল প্রশাসন। এ নিষেধাজ্ঞার মধ্যে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন চলছিল।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন জানান, নিহত ইয়াকুব আলীর চাচাতো ভাই আনজু মিয়া ২৩ জানুয়ারি টিলাধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামি। এ ছাড়া ওই ঘটনার পর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের তদন্ত কমিটিতে যে ৪৭ ‘পাথরখেকোর’ নাম প্রকাশ করা হয়েছিল, সে তালিকায় আনজু মিয়ার নাম রয়েছে। এরপর থেকে তিনি পলাতক।