পাথর তুলতে নদীর তীর খোঁড়াখুঁড়ি, ভাঙনের শঙ্কা
সিলেটের অন্যতম সীমান্ত নদী লোভাছড়ার উৎসমুখের আধা কিলোমিটার অংশে প্রায় দুই সপ্তাহ ধরে খোঁড়াখুঁড়ি চলছে। পাথর উত্তোলনের জন্য এই খোঁড়াখুঁড়িতে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। লোভাছড়া চা-বাগান কর্তৃপক্ষ নদীতীর খোঁড়াখুঁড়ি বন্ধে উপজেলা প্রশাসনকে লিখিতভাবে জানালেও পাথর ব্যবসায়ী যুবলীগের স্থানীয় এক নেতার প্রভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলা প্রশাসনসহ স্থানীয় সূত্র জানায়, লোভাছড়া নদীর একাংশ পাথর কোয়ারি হিসেবে চিহ্নিত। কোয়ারির কর্তৃত্ব খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ভূমি মন্ত্রণালয়ে হস্তান্তর হওয়ার পর উপজেলা প্রশাসন থেকে গত বছর কোনো ইজারা দেওয়া হয়নি। পাথর কোয়ারি উন্মুক্ত থাকার সুযোগে এবার শুষ্ক মৌসুম আসার আগেই কোয়ারির দখল নিতে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজিমউদ্দিনের নেতৃত্বে সংঘবদ্ধ পাথর ব্যবসায়ীদের মাধ্যমে পাথর উত্তোলন চলে।তবে নাজিমউদ্দিন অভিযোগ নাকচ করে বলেন, ‘পাথর কোয়ারি ইজারা মৌসুম আসার আগে আমি ওই এলাকায় যাইনি। কারা পাথর তুলছে, তা-ও জানা নেই। কেউ যদি আমার নাম বলেও, তাতে কোনো প্রমাণ দেখাতে পারবে না।’স্থানীয় ব্যক্তিরা জানান, লোভাছড়া নদীর উৎসমুখ থেকে সীমান্তের ১৩২৬ নম্বর পিলারের বাংলাদেশ অভ্যন্তর হচ্ছে পাথর কোয়ারি। নদীতে পানি থাকায় কোয়ারিতে পাথর উত্তোলন সম্ভব না হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর রাত থেকে লোভাছড়া চা-বাগানের মাঝারি এলাকা নামে পরিচিত নদীতীর খোঁড়াখুঁড়ি শুরু হয়।৩ অক্টোবর সরেজমিনে দেখা গেছে, সীমান্ত পিলারের আশপাশ শূন্যরেখা অতিক্রম করে দুই শতাধিক বারকি নৌকা নিয়ে তীর খুঁড়ে পাথর উত্তোলন চলছে। লোভাছড়া চা-বাগানের ব্যবস্থাপক তাজুল ইসলাম জানান, নদীতীরের ৯৯ দশমিক ২২ একর জায়গা বাগানের। এর মধ্যে প্রায় দুই একর জায়গায় চলছে খোঁড়খুঁড়ি। এতে নদীর প্রায় আধা কিলোমিটার অংশ ভাঙনের মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও জানান, নদীতীরে খোঁড়াখুঁড়ি করতে হলে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে শ্রমিকদের আসতে হয়। এ ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) লোভাছড়া ফাঁড়িকে অবহিত করেও কোনো কাজ হচ্ছে না দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানানো হয়েছে।চা-বাগান কর্তৃপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে কানাইঘাটের ইউএনও সোহরাব হোসেন প্রথম আলোকে জানান, সরেজমিনে বিষয়টি দেখতে পুলিশকে বলা হয়েছে। তিনি আরও জানান, কোয়ারি থেকে পাথর উত্তোলনের মৌসুম এলে ইজারা দেওয়ার বিষয়টি ভাবা হবে। তার আগে কোনো পক্ষ পাথর উত্তোলন করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাথর ব্যবসায়ী ও শ্রমিক সূত্র জানায়, লোভাছড়া পাথর কোয়ারি শুকাতে এখনো মাস দুয়েক বাকি। প্রশাসন এবার খাসখালেকশনের জন্য উন্মুক্ত রাখবে কি না, এ বিষয়ে নিশ্চিত না হয়েই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের একটি চক্র গড়ে ওঠেছে। বিজিবির লোভাছড়া ফাঁড়ির সঙ্গে ওই চক্রের পাথর উত্তোলনের সমঝোতা হওয়ায় তীর খুঁড়ে দিনে ও রাতে চলছে পাথর উত্তোলন।লোভাছড়া পাথর শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মস্তফা জানান, যেহেতু পাথর কোয়ারি থেকে উত্তোলন শুরু হয়নি, তাই এ ব্যাপারটি তাঁরা সাংগঠনিকভাবে দেখছেন না। তবে তিনি স্বীকার করেন, দুই থেকে তিন শতাধিক শ্রমিক নদীতীর খুঁড়ে পাথর তুলছেন।পাথর উত্তোলনে কোনো সমঝোতা হওয়ার বিষয়টি ভিত্তিহীন দাবি করে বিজিবি-৫-এর অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম প্রথম আলোকে জানান, পাথর ব্যবসায়ীদের একটি চক্র সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে। তারা বাংলাদেশি, তাই বিজিবি গুলি করে তাড়াতে পারে না। এ জন্য প্রয়োজন সচেতনতা।