পাথর তুলে বন ও জমি ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকায় আবাদি জমি ও সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রতিদিন হাজার হাজার ঘনফুট বোল্ডার পাথর উত্তোলন করছে প্রভাবশালী একটি সিন্ডিকেট। এই পাথর ব্যবহূত হচ্ছে দালান, কালভার্ট, সেতু ও সরকারি বিভিন্ন দপ্তরের নির্মাণকাজে। এভাবে পাথর তোলায় টেকনাফের সংরক্ষিত বনভূমির অস্তিত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশবাদীরা।সংশ্লিষ্ট সূত্র জানায়, টেকনাফ-শামলাপুর সড়ক নির্মাণ, শাহপরীর দ্বীপে বেড়িবাঁধের ব্লক, এলজিইডির অর্থায়নে সাতটি বিদ্যালয়, টেকনাফ সদর ও হোয়াইক্যং ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণে এসব পাথর ব্যবহূত হচ্ছে। ২২ ফেব্রুয়ারি ৩১ দশমিক ৫১ কিলোমিটার টেকনাফ-শামলাপুর সড়কের নির্মাণকাজে সংরক্ষিত বনাঞ্চলের বোল্ডার পাথর ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোকন সাহা ৪৫ হাজার টাকার জরিমানা করেন।অপরদিকে ১৫ জানুয়ারি বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদস্যরা অভিযান চালিয়ে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গরবিল নামক স্থানে একটি কালভার্ট নির্মাণের কাজে ব্যবহারের সময় ৫৭০ ঘনফুট বোল্ডার পাথর জব্দ করেন।টেকনাফের উপকূলীয় শীলখালী নামক স্থানে পরিবেশ অধিদপ্তরের পুঁতে দেওয়া লাল পতাকা চোখে পড়েছে। কিন্তু সেখান থেকেও পাথর উত্তোলন চলছে। ৪২ রাইফেল ব্যাটালিয়নসংলগ্ন পলানপাড়ার আবাদি জমি ও সংরক্ষিত বনাঞ্চলের রাজারছড়া, মিঠাপানির ছড়া, হাবিরছড়া, বাহারছড়ার শীলখালী, চৌকিদারপাড়া, জাহাজপুরা ও বানিয়াপাড়ার পাহাড়ি এলাকা থেকে পাথর তোলা হচ্ছে। টেকনাফ কৃষি বিভাগের উপসহকারী পিপাষ কান্তি চৌধুরী বলেন, আবাদি জমি থেকে পাথর উত্তোলনের ফলে মাটির ওপরের অংশ নষ্ট হচ্ছে। এতে জমি উর্বরা শক্তি হারাচ্ছে। বাহারছড়া বিট কর্মকর্তা তাপস স্যানাল পাথর উত্তোলনের কথা অস্বীকার করে জানান, তাঁর এলাকা থেকে কোনো পাথর উত্তোলন করা হচ্ছে না। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা আবদুর রহমান জানান, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে তাঁরা আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছেন। কয়েক দিন আগে অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চল থেকে প্রায় এক হাজার ৭০০ ঘনফুট বোল্ডার পাথর জব্দ করা হয়েছে। টেকনাফ এলজিইডির প্রকৌশলী মো. আমিনউল্লাহ বলেন, সরকারি নির্মাণাধীন কাজে বোল্ডার পাথর ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হবে। টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক মোজাম্মেল হোসেন বলেন, গত পাঁচ-ছয় মাসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচারের সময় তিন হাজার ৭০০ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।